বিনোদন ডেস্ক: প্রেমের মায়া, ভালোবাসার টান, প্রতারণার আঘাত আর জীবনের অপ্রত্যাশিত নানা ঘটনার গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘মায়াবতী’। সম্পর্কের জটিল সমীকরণ, নিঃস্বার্থ ভালোবাসা এবং মানুষের জীবনে ঘটে যাওয়া নানা নাটকীয় বাঁক নিয়ে সাজানো হয়েছে নাটকটির কাহিনি। দীন মোহাম্মদ মন্টুর রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন হোসাইন নিরব ও ইফফাত আরা তিথি।
নাটকের গল্পে দেখা যাবে, মিলন তার মা ও বড় ভাই কবিরকে সঙ্গে নিয়ে মাশিয়াতকে দেখতে যায়। প্রথম দেখাতেই মাশিয়াতকে ভালো লেগে যায় মিলনের। তবে বিয়ের বিষয়ে একান্তে কথা বলতে গিয়ে মাশিয়াত তাকে জানায়, সে আগে থেকেই অন্য একজনকে ভালোবাসে। তাই পরিবারের কাছে মিলনের সঙ্গে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় সে।
মাশিয়াতের মনের কথা জানার পর পরিস্থিতি বুঝে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় মিলন। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও মাশিয়াতের ইচ্ছাকে সম্মান জানিয়ে বিয়ের প্রস্তাব থেকে নিজেকে সরিয়ে নেয় সে।
এরপর চাকরির সুবাদে মফস্বল এলাকার একটি নির্জন বাড়িতে থাকতে শুরু করে মিলন। নতুন পরিবেশে একাকিত্বের মধ্যে দিন কাটতে থাকে তার। মিলনের একাকিত্ব দূর করতে বড় ভাই কবির ‘শালুক’ নামের এক কাজের ছেলেকে বাড়িতে নিয়ে আসে। শালুককে ঘিরে মিলনের নতুন জীবনে তৈরি হয় ভিন্ন এক পরিস্থিতি, যা গল্পে নিয়ে আসে নতুন মাত্রা।
অন্যদিকে, মাশিয়াতের জীবনেও ঘটতে থাকে নানা অপ্রত্যাশিত ঘটনা। যে মানুষটিকে ভালোবেসে মিলনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল, একসময় জানতে পারে সেই প্রেমিক অন্যত্র বিয়ে করতে যাচ্ছে। ভালোবাসার মানুষের এমন প্রতারণায় মানসিকভাবে ভেঙে পড়ে মাশিয়াত। তার স্বপ্ন ও বিশ্বাসে দেখা দেয় বড় ধরনের আঘাত।
একপর্যায়ে মাশিয়াত উপলব্ধি করতে শুরু করে, যাকে সে একসময় ফিরিয়ে দিয়েছিল, সেই মিলনই ছিল তার প্রতি সত্যিকারের সম্মান ও আন্তরিকতা দেখানো মানুষ। নিজের ভালোবাসা পাওয়ার প্রত্যাশা না রেখেও মিলন যেভাবে তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিল, তা নতুন করে ভাবতে বাধ্য করে মাশিয়াতকে।
এরপর মিলন ও মাশিয়াতের সম্পর্ক কোন দিকে মোড় নেয়? অতীতের ভুল বোঝাবুঝি কাটিয়ে কি তারা নতুন করে একে অপরের কাছাকাছি আসতে পারবে? আর শালুকের ছদ্মবেশ ঘিরেই বা গল্পে কী ধরনের চমক অপেক্ষা করছে? এসব প্রশ্নের উত্তর মিলবে নাটকটির শেষ দৃশ্যে। প্রেম, প্রতারণা, আবেগ ও নাটকীয়তার মিশেলে দর্শকদের জন্য ‘মায়াবতী’তে রাখা হয়েছে বিশেষ চমক।
নাটকটি প্রসঙ্গে পরিচালক দীন মোহাম্মদ মন্টু বলেন, ‘মায়াবতী’তে সম্পর্কের জটিলতা, প্রেম, প্রতারণা এবং জীবনের নানা অপ্রত্যাশিত ঘটনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গল্পে হাস্যরস ও নাটকীয়তার পাশাপাশি আবেগ এবং ভালোবাসার একটি সুন্দর বার্তাও রয়েছে। দর্শকেরা নাটকটি শেষ পর্যন্ত উপভোগ করবেন এবং শেষ দৃশ্যে একটি চমক পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নাটকটিতে হোসাইন নিরব ও ইফফাত আরা তিথি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় রাজ, পামির খান, লিজা খানম, স্বপ্না আফরোজ, আবির খান ও মারিয়া খানসহ আরও অনেকে।
নির্মাতাদের প্রত্যাশা, ভিন্নধর্মী গল্প, চরিত্রের বৈচিত্র্য এবং প্রেম-প্রতারণার নাটকীয় উপস্থাপনা দর্শকদের ভালো লাগবে। বিশেষ করে সম্পর্কের টানাপোড়েন ও ভালোবাসার প্রকৃত অর্থ নিয়ে নাটকটি দর্শকদের ভাবনার খোরাক জোগাবে।
নাটকটি শনিবার (২১ নভেম্বর) রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।
রিপোর্টার্স২৪/ঝুম