কুষ্টিয়া প্রতিনিধি: যশোর সেনানিবাসের অনুষ্ঠান শেষে উদ্বোধন করবেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাঁর সফর দুই দিন পিছিয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে একই দিন তিনি কুষ্টিয়ায় আসবেন। সফরকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হলে কুষ্টিয়াসহ আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয়রা।
এ ছাড়া জেলার ঐতিহ্যবাহী ও দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড এবং মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, বিনিয়োগ সম্ভাবনা ও কর্মসংস্থান সৃষ্টি নিয়েও সফরে আলোচনা হতে পারে। নানা সংকট ও অব্যবস্থাপনায় প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রীর সফরে মিল দুটি পুনরায় চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন জেলাবাসী।
এর আগে প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ১৭ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৩০ নভেম্বরের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সার্বিক বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন। ওই দিন যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠান শেষে তিনি কুষ্টিয়ায় আসবেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
রিপোর্টার্স২৪/ঝুম