রিপোর্টার্স ডেস্ক: মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান। তার দাবি, ক্যানসারটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে। নিজের শারীরিক অবস্থা তুলে ধরে তিনি বলেছেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের অসুস্থতার কথা জানান শামীম ওসমান। সেখানে তিনি বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।’
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে শামীম ওসমান বলেন, একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।
তার মতে, দলটির সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে। বিভাজনের রাজনীতি আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। আগামী ডিসেম্বরের মধ্যে দলটিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
টকশোতে নিজের বাসায় অগ্নিসংযোগের ঘটনার কথাও তুলে ধরেন শামীম ওসমান। ওই ঘটনায় ক্ষয়ক্ষতির স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
রিপোর্টার্স২৪/ধ্রুব