গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় বিজিবির মোট মোতায়েন করা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ প্লাটুনে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিজিবি সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগে থেকেই এক ব্যাটালিয়নের ২৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন ছিলেন। এর সঙ্গে নতুন করে আরও এক ব্যাটালিয়নের ২৬ প্লাটুন সদস্য মোতায়েনের কার্যক্রম শুরু হয়েছে।
বিজিবি জানায়, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে তারা কাজ করছেন।
নতুন করে মোতায়েন করা ২৬ প্লাটুন বিজিবি সদস্য শনিবার সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
রিপোর্টার্স২৪/ধ্রুব