রিপোর্টার্স২৪ ডেস্ক: দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেছেন, দলটির বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের তদন্ত ও মামলা আগে কখনো হয়নি। তাই পুরো তদন্ত শেষ করতে আরও কিছুটা সময় প্রয়োজন হবে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সারা দেশে চলমান সহিংসতা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করছে। এই তদন্ত শুধু নির্দিষ্ট কোনো এলাকায় সীমাবদ্ধ থাকবে না, বরং দেশব্যাপী পরিচালিত হবে। সে কারণে তদন্ত শেষ হতে কিছুটা সময় লাগতে পারে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে দল হিসেবে কোনো রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে এ ধরনের তদন্ত ও বিচারিক কার্যক্রমের নজির নেই। ফলে বিষয়টির ব্যাপকতা ও বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে নিতে হচ্ছে।
প্রসিকিউটর তামিম বলেন, এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিচারের জন্য অভিযোগ গঠন করা হয়েছিল। ওই অভিযোগের একটি অংশে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়টিও বিচারিকভাবে বিবেচনা করা হয়।
তিনি বলেন, ওই মামলায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল তাদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। একই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে বলে তারা মনে করেন।
প্রসিকিউটর তামিমের ভাষ্য, ‘এরই মধ্যে ট্রাইব্যুনালের একটি রায় দেখা গেছে। সেখানে আওয়ামী লীগের কয়েকজনের বিচারের জন্য একটি চার্জ ফ্রেম করা হয়েছিল। ওই চার্জে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন কি না, তা বিচার করা হয়। ওই আসামিদের দোষী সাব্যস্ত করেছেন ট্রাইব্যুনাল। চার্জ প্রমাণিত হওয়ায় তাদের শাস্তিও দিয়েছেন। ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করেছেন বলে আমরা মনে করি। অতএব দেশব্যাপী বর্তমানে যেসব কার্যক্রম দেখা যাচ্ছে, তার প্রতিফলন ওই রায়ে হয়েছে।’
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা ওই রায়ের ভিত্তিতে দলটির বিরুদ্ধে পরবর্তী সময়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রসিকিউটর তামিম বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর বিষয়টি বিস্তারিতভাবে জানানো সম্ভব হবে।
তিনি আরও জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগ প্রমাণিত হয়েছে এবং ওই মামলায় আসামিরা সাজা পেয়েছেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, তদন্ত কত দিনে শেষ হবে, তা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা কঠিন।
তদন্তের ব্যাপকতা এবং দেশজুড়ে বিভিন্ন বিষয় খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কারণে এখনই কোনো সময়সীমা নির্ধারণ করা যাচ্ছে না বলেও জানান তিনি।
সব মিলিয়ে, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার সময় এবং এর ভিত্তিতে পরবর্তী বিচারিক পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
রিপোর্টার্স২৪/ঝুম