ইন্টারন্যাশনাল ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ভয়াবহ সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল রোববার (ভোরের দিকে) লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে এ হামলার ঘটনা ঘটে। জাহাজটি বন্দরের একটি নৌঘাঁটির কাছাকাছি নোঙর করা অবস্থায় ছিল।
বেনগাজি বন্দরের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রুশ জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় শুধু সামুদ্রিক ড্রোনই নয়, অন্তত তিনটি বিস্ফোরকবাহী উড়ন্ত ড্রোনও ব্যবহার করা হয়েছে। এসব ড্রোনের আঘাতে জাহাজটিতে একের পর এক বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টরের তথ্য অনুযায়ী, হামলার শিকার জাহাজটির নাম ‘মারকুরি’। এটি রুশ নৌবাহিনীর একটি করভেট শ্রেণির ছোট যুদ্ধজাহাজ।
রোববার ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, জাহাজটির অধিকাংশ অংশ উল্টে পানিতে ডুবে গেছে। শুধু সামনের অংশ বা বো পানির ওপরে দৃশ্যমান ছিল। জাহাজের ওপরের কাঠামোর কয়েকটি অংশ থেকে তখনো ধোঁয়া বের হতে দেখা যায়। পাশাপাশি জেটির আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল বিস্ফোরণে সৃষ্ট ধ্বংসাবশেষ।
এর আগে বেনগাজিভিত্তিক লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছিল, রাশিয়া ও লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের মধ্যে স্বাক্ষরিত একটি সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি সংগ্রহ এবং প্রয়োজনীয় রসদ নেওয়ার জন্য বন্দরে অবস্থান করছিল।
রোববার গভীর রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ঘাঁটি থেকে রুশ জাহাজটিকে লক্ষ্য করে বেশ কয়েকটি ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।
তবে এ হামলার বিষয়ে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে ইউক্রেনসহ কোনো পক্ষই এখন পর্যন্ত সরাসরি হামলার দায় স্বীকার করেনি।
রুশ যুদ্ধজাহাজে হামলার ঘটনার মধ্যেই একই দিন রোববার সন্ধ্যায় বেনগাজি বন্দরের অদূরে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বেনগাজি নগর প্রশাসনের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, উপকূলের অদূরে বিস্ফোরকবাহী সামুদ্রিক ড্রোনের আঘাতে বাণিজ্যিক জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে থাকা সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, রোববার আল-মাসার নামের একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগরীয় এই শহরের উপকূলীয় এলাকায় নৌ ও বিমানবাহিনী আরও অন্তত ১২টি সামুদ্রিক ড্রোন ধ্বংস করেছে।
পরপর এসব হামলার ঘটনায় বেনগাজি উপকূল ও বন্দরের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বেনগাজিভিত্তিক লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যৌথভাবে এ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। হামলার প্রকৃত পরিস্থিতি, ড্রোনগুলোর উৎস এবং এর পেছনে কারা জড়িত তা খুঁজে বের করাই তদন্তের মূল উদ্দেশ্য।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জাহাজে লাগা আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং হামলার ঘটনাস্থল ও আশপাশের এলাকা নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে।
একই সঙ্গে সন্দেহভাজন এই হামলাকে লিবিয়ার জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দেশটির সামুদ্রিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছে পূর্বাঞ্চলীয় প্রশাসন।
লিবিয়ার উপকূলে রুশ সংশ্লিষ্ট জাহাজে হামলার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে গত মার্চ মাসে লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী জাহাজ ডুবে যায়। ওই ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এ ছাড়া গত ডিসেম্বর মাসে ইউক্রেন জানিয়েছিল, ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাঙ্কারে আকাশপথে ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তারা।
একের পর এক এসব ঘটনার মধ্য দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব কৃষ্ণসাগর ছাড়িয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক তালহা আব্দুলরাজাক আলজাজিরাকে বলেছেন, লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে চালানো হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থাগুলোর সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা বেশি।
আব্দুলরাজাকের মতে, গত বছরের শেষ দিকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এবং ত্রিপোলিভিত্তিক লিবীয় সরকারের মধ্যে একটি চুক্তির কথা উঠে এসেছিল। ওই চুক্তির আওতায় লিবিয়ায় ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি গড়ে তোলার পরিকল্পনা ছিল। এর বিনিময়ে ত্রিপোলি সরকার ইউক্রেনের কাছ থেকে সামরিক দক্ষতা ও সহযোগিতা পাওয়ার কথা ছিল।
তার মতে, বেনগাজিতে রুশ জাহাজে হামলার ঘটনাকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ভৌগোলিক বিস্তারের একটি নতুন উদাহরণ হিসেবে দেখা যেতে পারে।
তিনি আরও বলেন, লিবিয়ায় এ ধরনের হামলা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধের পরোক্ষ প্রভাবেরই প্রতিফলন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দূরপাল্লার হামলাকে ‘দূরপাল্লার নিষেধাজ্ঞা’ হিসেবে বর্ণনা করে আসছেন।
জাতিসংঘের কাছে আন্তর্জাতিক তদন্তের দাবি
এদিকে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকারের প্রধানমন্ত্রী ওসামা হাম্মাদ জানিয়েছেন, বেনগাজিতে রুশ জাহাজে হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে তার সরকার।
এক বিবৃতিতে হাম্মাদ বলেন, হামলায় ব্যবহৃত নৌযান বা ড্রোনগুলো পশ্চিম লিবিয়া থেকে ছেড়ে আসার সন্দেহ রয়েছে। পশ্চিমাঞ্চলে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি আছে কি না, তা যাচাই করা প্রয়োজন। পাশাপাশি তাদের কর্মকাণ্ড সম্পর্কে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়ারও আহ্বান জানান তিনি।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানের পর দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হন। ওই বছরের শেষ দিকে তিনি নিহত হওয়ার পর থেকেই রাজনৈতিক ও সামরিকভাবে বিভক্ত হয়ে পড়ে তেলসমৃদ্ধ দেশ লিবিয়া।
বর্তমানে দেশটিতে কার্যত দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসন রয়েছে। রাজধানী ত্রিপোলিতে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত সরকার ক্ষমতায় রয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের বেনগাজিতে রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রশাসন।
দীর্ঘদিন ধরেই লিবিয়া রাশিয়া ও পশ্চিমা বিশ্বের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। দেশটির বিপুল তেল ও গ্যাসসম্পদ, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতির সুযোগ—সব মিলিয়ে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে লিবিয়ার গুরুত্ব অনেক বেশি।
বিশ্লেষকদের মতে, বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজে সাম্প্রতিক ড্রোন হামলা শুধু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন একটি ঘটনা নয়; বরং এর মধ্য দিয়ে লিবিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতাও নতুন করে সামনে এসেছে।
তবে হামলার প্রকৃত উৎস, ইউক্রেনের সংশ্লিষ্টতা এবং হতাহতের সঠিক সংখ্যা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। যৌথ তদন্তের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এ ঘটনায় কারা সরাসরি জড়িত, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সূত্র: আলজাজিরা
রিপোর্টার্স২৪/ঝুম