ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ধনী ও দরিদ্রের আয়ের ব্যবধান ২০২৫ সালে কিছুটা কমেছে। তবে ইউরোপের সব দেশে পরিস্থিতি এক রকম নয়। কোথাও ধনী-গরিবের ব্যবধান অনেক বেশি, আবার কোথাও তুলনামূলক কম।
ইউরোপের ৩৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র তুলে ধরেছে ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট। তাদের হিসাবে, ২০১০ সালের পর ২০২৫ সালেই ইইউতে আয়বৈষম্য সবচেয়ে কম ছিল।
আয়বৈষম্য বেশি যেসব দেশে
আয়বৈষম্য পরিমাপের একটি পদ্ধতি হলো জিনি সূচক। এই সূচকের মান শূন্য হলে সবার আয় সমান বোঝায়। আর মান ১০০ হলে বোঝায়, সব আয় একজনের হাতে রয়েছে। অর্থাৎ, এই সূচকের মান যত বেশি, ধনী ও দরিদ্রের আয়ের ব্যবধানও তত বেশি।
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ইউরোপের ৩৪টি দেশের মধ্যে আয়বৈষম্য সবচেয়ে বেশি তুরস্কে। দেশটির জিনি সূচকের মান ৪৩ দশমিক ৯। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বুলগেরিয়া। দেশটির সূচকের মান ৩৭ দশমিক ৭। ইইউর গড় মান ২৯ দশমিক ২।
ইইউর দেশগুলোর মধ্যে বুলগেরিয়ার পর রয়েছে লাটভিয়া ও লিথুয়ানিয়া। দেশ দুটির জিনি সূচকের মান যথাক্রমে ৩৫ দশমিক ৬ ও ৩৫ দশমিক ৫। অন্যদিকে, স্লোভাকিয়ায় আয়বৈষম্য সবচেয়ে কম। দেশটির সূচকের মান ২৩। বেলজিয়ামেও এই হার কম, ২৩ দশমিক ৪।
ইউরোপের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে জার্মানির জিনি সূচকের মান ৩০ দশমিক ১, ফ্রান্সের ৩০ দশমিক ৪, স্পেনের ৩০ দশমিক ৮ এবং ইতালির ৩১। অর্থাৎ, এসব দেশেও আয়বৈষম্য ইইউর গড়ের চেয়ে বেশি।
কেন একেক দেশে আয়বৈষম্য একেক রকম?
বিশেষজ্ঞদের মতে, কোনো দেশে বেকারত্বের হার, মানুষের মজুরি, কাজের সুযোগ এবং সরকারের কর ও সামাজিক সহায়তা নীতির ওপর আয়বৈষম্য নির্ভর করে।
স্পেনের ওভিয়েদো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ফ্রান্সিসকো জে. দেলগাদো ইউরোনিউজকে বলেন, শ্রমবাজারের অবস্থা, করের মাধ্যমে আয় পুনর্বণ্টন, অর্থনীতির ধরন এবং শিক্ষার সুযোগ এসব বিষয় ধনী-গরিবের ব্যবধান কমানো বা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখে।
বুলগেরিয়ায় আয়বৈষম্য বেশি হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। দেশটিতে ব্যক্তিগত আয়ের ওপর ১০ শতাংশ নির্দিষ্ট করহার চালু আছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি সহায়তাও তুলনামূলক দুর্বল। ফলে কর ও সরকারি সহায়তার মাধ্যমে ধনী-গরিবের ব্যবধান কমানোর সুযোগ সীমিত।
কিছু দেশে কমেছে, কোথাও বেড়েছে
ইউরোপের কয়েকটি দেশে সাম্প্রতিক বছরগুলোতে আয়বৈষম্য কমেছে। এর মধ্যে রোমানিয়া ও পোল্যান্ড উল্লেখযোগ্য। ২০২৫ সালে রোমানিয়ার জিনি সূচকের মান ছিল ২৭ দশমিক ৩। এটি দেশটির অতীত গড়ের চেয়ে ৬ দশমিক ৪ পয়েন্ট কম। পোল্যান্ডেও সূচকের মান অতীত গড়ের তুলনায় ৪ পয়েন্ট কমেছে।
বিশেষজ্ঞদের মতে, এসব দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি, ন্যূনতম মজুরি বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন আয়বৈষম্য কমাতে সাহায্য করেছে।
তবে হাঙ্গেরিতে পরিস্থিতি উল্টো। ২০২৫ সালে দেশটির আয়বৈষম্য আগের বছরগুলোর গড়ের তুলনায় সবচেয়ে বেশি বেড়েছে। সুইডেন ও ফিনল্যান্ডেও আয়বৈষম্য বেড়েছে। এসব দেশে সাম্প্রতিক বছরগুলোতে বেকারত্ব ও অর্থনৈতিক চাপ এর পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
অন্যদিকে, তুরস্কে ২০১০ সালের পর থেকে আয়বৈষম্য প্রায় একই পর্যায়ে রয়েছে। ২০২৫ সালে দেশটির জিনি সূচকের মান ছিল ৪৩ দশমিক ৯, যা ইইউর গড়ের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট বেশি।
সূত্র: ইউরোনিউজ
রিপোর্টার্স২৪/ঝুম