রিপোর্টার্স২৪ ডেস্ক: গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কারা অর্থের জোগান দিয়েছেন, সেই রহস্য উদ্ঘাটনে ব্যাপক আর্থিক অনুসন্ধানে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা ইউনিট। এ ঘটনায় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক আমলা ও ব্যবসায়ীসহ অন্তত ১০১ জনের ব্যাংক হিসাব এবং মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে করা লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।
ইতোমধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ প্রায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আরও বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে গোয়েন্দা নজরদারির আওতায় রাখা হয়েছে। তাদের ব্যাংক হিসাবের পাশাপাশি বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্যও যাচাই-বাছাই করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এনবিআর সূত্র জানিয়েছে, গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার পেছনে অর্থের উৎস ও সম্ভাব্য জোগানদাতাদের শনাক্ত করতে সংস্থাটির চারটি গোয়েন্দা ইউনিট সমন্বিতভাবে কাজ করছে। এসব ইউনিটের অনুসন্ধানে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব, কর নথি, আয়-ব্যয়ের বিবরণ এবং ডিজিটাল আর্থিক লেনদেনের তথ্য বিশেষ গুরুত্ব দিয়ে পরীক্ষা করা হচ্ছে।
অনুসন্ধানে যুক্ত চারটি ইউনিট হলো কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব ইউনিটের কর্মকর্তারা নিজ নিজ দায়িত্ব অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করছেন।
এনবিআরের অনুসন্ধানসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথির সঙ্গে তাদের প্রকৃত আয়-ব্যয়ের হিসাব মিলিয়ে দেখছে। একই সঙ্গে ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে সম্পন্ন হওয়া লেনদেনের তথ্য যাচাই করা হচ্ছে। এসব ব্যক্তির আয়ের উৎস, অর্থের প্রবাহ এবং ঘোষিত আয়ের সঙ্গে আর্থিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষ করে বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কারা কাকে কত টাকা পাঠিয়েছেন, অর্থের লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেসব তথ্য বিশ্লেষণ করছেন গোয়েন্দারা। সহিংসতার সময় ও তার আগে-পরে সন্দেহজনক আর্থিক লেনদেন হয়েছে কি না, সেটিও অনুসন্ধানের আওতায় রয়েছে।
ব্যাংক হিসাব অবরুদ্ধ করা ব্যক্তিদের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী আশরাতুন নাহার। এ ছাড়া গোপালগঞ্জের পাঁচ উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা এবং স্থানীয় সরকারের সাবেক জনপ্রতিনিধিদের নামও রয়েছে।
তালিকায় রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খাসরুল আলম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুল এবং সাবেক ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস শিপন।
এ ছাড়া মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো. কাবির মিয়ার ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ এবং সভাপতি ভবেন্দ্র নাথও রয়েছেন এ তালিকায়।
অন্যদিকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখ এবং কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোক্তার হোসেনের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।
এ ছাড়া মুকসুদপুরের ভাবড়াশুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম রিফাতুল আলম মুছার নামও রয়েছে ব্যাংক হিসাব অবরুদ্ধ করা ব্যক্তিদের তালিকায়।
এনবিআরের একটি গোয়েন্দা ইউনিটের নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে আন্দোলনের সময় এসব ব্যক্তির মাঠপর্যায়ের রাজনীতিতে ভূমিকা ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের আর্থিক সংশ্লিষ্টতা নিয়ে প্রাথমিক গোয়েন্দা তথ্য পাওয়ার ভিত্তিতেই ব্যাংক হিসাব অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং অর্থ দিয়ে সক্রিয় থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ও ডিজিটাল লেনদেনের তথ্য গভীরভাবে যাচাই করা হচ্ছে। সহিংসতার পেছনে অর্থের সম্ভাব্য উৎস এবং অর্থ সরবরাহের সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করাই এ অনুসন্ধানের অন্যতম উদ্দেশ্য।
শুধু ব্যক্তির আর্থিক লেনদেন নয়, সহিংসতায় অর্থায়নের সম্ভাব্য উৎস খুঁজতে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ডও অনুসন্ধান করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর ব্যাংক লেনদেনসহ অন্যান্য আর্থিক তথ্য যাচাই করা হচ্ছে বলে জানা গেছে। তবে অনুসন্ধানের স্বার্থে এখন পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন স্থানে মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তী কয়েক দিনেও জেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষ, হামলা ও সহিংসতার ঘটনা অব্যাহত থাকে।
বিশেষ করে টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুরসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও হামলার খবর পাওয়া যায়। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া যায়।
এর পরদিনও জেলার বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বাড়ি, রাজনৈতিক দলের কার্যালয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। থানায় থাকা পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
ধারাবাহিক এসব সহিংস ঘটনার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন বাড়ানো হয়।
সব মিলিয়ে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় অর্থের সম্ভাব্য উৎস, জোগানদাতা এবং আর্থিক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে এনবিআরের চারটি গোয়েন্দা ইউনিটের অনুসন্ধান অব্যাহত রয়েছে। ব্যাংক হিসাব অবরুদ্ধের পাশাপাশি ডিজিটাল লেনদেন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ডের তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া যায় কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
রিপোর্টার্স২৪/ঝুম