রাজবাড়ী প্রতিনিধি: দীর্ঘ ৪৪ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
এর আগে গত ১২ অক্টোবর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এ নৌরুটে চলাচলের জন্য ফেরি রয়েছে মাত্র একটি। ফলে ফেরি বিকল হওয়া কিংবা নদীতে নাব্যতা সংকট দেখা দিলে প্রায়ই ফেরি চলাচল ব্যাহত হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী মানুষকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে। এতে যাত্রীদের সময় ও যাতায়াত খরচ দুটোই বেড়েছে।
দীর্ঘ ৪৪ দিন পর ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় এ নৌরুটে যাতায়াতকারী যাত্রী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
নাজিরগঞ্জ ফেরিঘাটের ব্যবস্থাপক এম. এ. নেওয়াজ শিবলী বলেন, পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে এতদিন ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ধরে ড্রেজিং করার পর বুধবার দুপুর ১২টার দিকে ফেরিটি ট্রায়াল ট্রিপে যাত্রা শুরু করে। ট্রায়াল ট্রিপ সফল হওয়ায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম