রিপোর্টার্স২৪ ডেস্ক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে রাজধানীসংলগ্ন দুই প্রধান শিল্পাঞ্চল গাজীপুর ও সাভারে অস্থিরতা অব্যাহত রয়েছে। গত ২৫ দিন ধরে চলা এই পরিস্থিতিতে দুই শিল্পাঞ্চলের প্রায় ১৭০টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এ ছাড়া প্রতিদিনই অসন্তোষের আশঙ্কায় বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করছে কর্তৃপক্ষ। ফলে শিল্পাঞ্চলজুড়ে উৎপাদন কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা, বাড়ছে উদ্বেগ।
গাজীপুর ও সাভার এলাকায় ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার শিল্পকারখানা রয়েছে। এর মধ্যে রপ্তানিমুখী কারখানার সংখ্যা প্রায় আড়াই হাজার। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মজুরি বোর্ডের ঘোষণার পর প্রায় ৯০ শতাংশ কারখানার শ্রমিকরা সমঝোতায় এলেও বাকি ১০ শতাংশ পোশাক কারখানার শ্রমিক এখনো আন্দোলন ও বিক্ষোভে সক্রিয় রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরেজমিন পরিদর্শন ও কারখানা পরিদর্শক সূত্রে এসব তথ্য জানা গেছে। গাজীপুর জেলার কালিয়াকৈর, শ্রীপুর, কালীগঞ্জ, সদর উপজেলার সালনা এবং মহানগরের টঙ্গী, বাংলাবাজার, কোনাবাড়ী, কাশিমপুর ও ভোগড়াসহ বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার ৭০০ শিল্পকারখানা রয়েছে। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে কালিয়াকৈর, শ্রীপুর ও গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রায় এক মাস ধরে চলা এ অস্থিরতায় শিল্পাঞ্চলগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গত কয়েক দিনে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ, হরিণহাটি ও মৌচাক এলাকায় ৫০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি কর্মদিবসের শুরুতে শ্রমিকদের উত্তেজনা ও বিক্ষোভের আশঙ্কায় প্রতিদিন গড়ে আরও ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চলতি মাসের ১০ তারিখ থেকে গাজীপুরে পুলিশ ছাড়াও বিজিবি, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে নতুন মজুরি ঘোষণার পরও গত বুধবার জেলার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত ছিল। এ পরিস্থিতিতে সকাল থেকে শ্রীপুর উপজেলার অধিকাংশ পোশাক কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। কয়েকটি কারখানা অনির্দিষ্টকালের জন্যও বন্ধ রয়েছে।
তবে অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার গাজীপুরের পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে। কালিয়াকৈর উপজেলার বন্ধ থাকা চারটি কারখানা নতুন করে চালু করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া যেসব কারখানায় প্রতিদিন ছুটি ঘোষণা করা হচ্ছিল, সেগুলোর অনেকটিতেই আবার উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
এন কে সোয়েটার কারখানার পরিচালক এ এইচ এম শওকত ইমরান ঢাকা পোস্টকে বলেন, মজুরি বোর্ড যে প্রস্তাব দেবে, তারা তা বাস্তবায়ন করবেন এবং শ্রমিকদের ন্যায্য বেতন পরিশোধ করবেন। সে অনুযায়ী তাদের কারখানা চালু রয়েছে এবং শ্রমিকরাও কাজ করছেন।
তিনি বলেন, অনেক পোশাক কারখানায় বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। এসব প্রতিষ্ঠানে মালিক ও শ্রমিকদের মধ্যে দূরত্ব রয়েছে। এই দূরত্ব কমানো গেলে শ্রমিকরা সবকিছু মেনে নেবেন বলে তিনি মনে করেন।
আন্দোলনের নামে সড়কে বিশৃঙ্খলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড শ্রমিকদের স্বার্থের সঙ্গে যায় না।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঢাকা পোস্টকে বলেন, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। কিছু এলাকায় হালকা অসন্তোষ দেখা দিলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো যাতে দ্রুত উৎপাদনে ফিরতে পারে, সে জন্য পুলিশ সহযোগিতা করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
অন্যদিকে সাভার প্রতিনিধি জানান, ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়াসহ আশপাশের শিল্পাঞ্চলে রপ্তানিমুখী কারখানা রয়েছে ৪৭০টি। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ২২টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব কারখানায় পুনরায় উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে মালিকপক্ষ।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া ঢাকা পোস্টকে জানান, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে প্রতিদিনই ৫০ থেকে ৬০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করছে কর্তৃপক্ষ।
এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে ২০ থেকে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিদিনই মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এদিকে হেমায়েতপুর ও জিরাবো এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, নিম্নতম মজুরি বোর্ড ন্যূনতম মজুরি নির্ধারণের খসড়া প্রস্তাব দিয়েছে। সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ শ্রমিক সংগঠন প্রস্তাবিত মজুরি মেনে নিয়েছে। তবে হেমায়েতপুরসহ কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভারের হেমায়েতপুরে তিন প্লাটুন এবং আশুলিয়ায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সব মিলিয়ে গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বন্ধ কারখানাগুলো চালু করা এবং শ্রমিক-মালিক পক্ষের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠাই এখন শিল্পাঞ্চলের উৎপাদন স্বাভাবিক রাখার প্রধান চ্যালেঞ্জ।
রিপোর্টার্স২৪/ঝুম