ঝিনাইদহ প্রতিনিধি: দীর্ঘদিনের নীরবতা ও অবহেলা কাটিয়ে উৎসবের আমেজে সেজে উঠছে বাংলা সাহিত্যের অন্যতম কবি গোলাম মোস্তফার পৈতৃক বাড়ি। কবির জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর স্মৃতিবিজড়িত বাড়িতে আয়োজন করা হচ্ছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব।
উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে কবির বাড়ি ও আশপাশের এলাকায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মঞ্চ নির্মাণ ও সাজসজ্জার কাজ। অতিথিদের বরণ এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তিন দিনব্যাপী এ আয়োজনে থাকবে মেলা, বিভিন্ন পণ্যের দোকান, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর।
উৎসবজুড়ে কবির জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কবির স্মৃতি ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনের এ উৎসব কবির স্মৃতিবিজড়িত বাড়িকে সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত করবে।
এ আয়োজন ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর কবির পৈতৃক বাড়িতে বড় পরিসরে এমন আয়োজন হওয়ায় আনন্দিত এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, এ উৎসবের মধ্য দিয়ে কবি গোলাম মোস্তফার সাহিত্যকর্ম ও অবদান আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।
স্থানীয় বাসিন্দা সিজার জিকরুল বলেন, কবি গোলাম মোস্তফা আমাদের এলাকার গর্ব। তাঁর মতো একজন গুণী মানুষের স্মৃতিবিজড়িত বাড়ি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। আমরা চাই, এই আয়োজন শুধু তিন দিনের উৎসবে সীমাবদ্ধ না থেকে কবির স্মৃতি সংরক্ষণ ও সাহিত্যচর্চার নতুন পথ তৈরি করুক।
আরেক বাসিন্দা রমিস বলেন, কবির বাড়িতে এমন আয়োজন হওয়ায় পুরো গ্রামের মানুষ আনন্দিত। তিন দিন ধরে মেলা, গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে আশপাশের এলাকার মানুষও অংশ নেবেন। প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পাশাপাশি কবির বাড়িটি যথাযথভাবে সংরক্ষণের দাবি জানান তিনি।
রিপোর্টার্স২৪/রাফিদ