স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। এসব দেশের মধ্যে ৩১টিতে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। দুটি দেশে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের এ সুবিধা রয়েছে। আর একটি দেশে সব ধরনের পাসপোর্টধারীর ভিসা ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি করা এক তালিকায় এসব তথ্য উঠে এসেছে। সম্প্রতি তালিকাটি পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তিতে আবদ্ধ দেশগুলোর তথ্য নিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে।
তালিকা অনুযায়ী, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো—সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।
অন্যদিকে, জাপান ও উজবেকিস্তানের সঙ্গে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। ফলে এসব দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন।
এ ছাড়া মালদ্বীপের সঙ্গে সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। ফলে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই মালদ্বীপে যেতে পারবেন। একইভাবে মালদ্বীপের সাধারণ পাসপোর্টধারীরাও ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।
তবে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশ ও মালদ্বীপের নাগরিকদের যাতায়াতের ক্ষেত্রে এই ভিসা অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে না।
রিপোর্টার্স২৪/রাফিদ