প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 28-11-2026 ইং
সংবাদ শিরোনামঃ জামায়াতের নতুন লোগোতে থাকছে না কোরআনের আয়াত?
রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রায় ৪৭ বছর ধরে ব্যবহৃত দলীয় লোগো (মনোগ্রাম) পরিবর্তনের পথে হাঁটছে জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ প্রক্রিয়া শুরু হলেও ভোটের ডামাডোলে তখন বিষয়টি থমকে যায়। এখন নতুন করে সামনে এসেছে বিষয়টি। নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একটি সূত্র এশিয়া পোস্টকে জানিয়েছে, নতুন লোগোতেই যাচ্ছে জামায়াত। দলীয় প্যাড ও পতাকাতেও এটি ব্যবহার করা হবে। অর্থাৎ, প্রায় পাঁচ দশক ধরে ব্যবহৃত কোরআনের আয়াত ‘আকিমুদ দ্বীন’ (দ্বীন প্রতিষ্ঠা করো) শব্দটি আর লোগোতে থাকছে না।
সবুজ গম্বুজের ওপর দাঁড়িপাল্লা, ভেতরে আরবি হরফে ‘আল্লাহু’ এবং নিচে ‘আকিমুদ দ্বীন’ এই চারটি বৈশিষ্ট্যই দীর্ঘদিন ধরে দলটির পরিচিতির অংশ হয়ে রয়েছে।
২০০৮ সালে নির্বাচন কমিশনের নির্দেশনা ও বিধিবিধানের প্রেক্ষাপটে দলটি তাদের নাম ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ থেকে সংস্কার করে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ করে। ২০১৬ সালের দিকে লোগোতে পরিবর্তন আনা হলেও তা সবার কাছে গ্রহণযোগ্য না হওয়ায় সেই সিদ্ধান্ত থেকেও সরে আসে দলটি।
দলটির নীতিনির্ধারকরা বলছেন, বর্তমান লোগোটি দলীয় কোনো আনুষ্ঠানিক ফোরামে আলোচনা বা সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়েছিল কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তাই সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন লোগো নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে নিজস্ব ফোরামে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে নতুন লোগো চূড়ান্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে সাত সদস্যের একটি কমিটিকে লোগো, প্যাড ও পতাকার নতুন নকশা তৈরির দায়িত্ব দিয়েছে জামায়াত। দলের মুখপাত্র ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে কমিটির প্রধান করা হয়েছে।
লোগো পরিবর্তনের বিষয়ে এহসানুল মাহবুব জুবায়ের এশিয়া পোস্টকে বলেন, ‘লোগো পরিবর্তনের বিষয়টি নির্বাচনের আগে দলীয় প্রচারণার সময় আলোচনা হয়েছিল। সে সময় থেকেই আমরা চিন্তাভাবনা করছিলাম। তবে কাজের চাপের কারণে বিষয়টি নিয়ে আর এগোনো সম্ভব হয়নি।’
পুরোনো লোগো নতুন করে সংস্কার করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগের লোগোটি করার সময় নান্দনিক ডিজাইনের এত সুযোগ ছিল না। সময় ও দেশের প্রয়োজনে লোগোতে পরিবর্তন আনা হচ্ছে। লোগোর নকশায় আমাদের আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন থাকবে। একই সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, প্রাকৃতিক ভূগোল, সৌন্দর্য এবং আমাদের ধারণ করা ঐতিহ্যও এতে তুলে ধরা হবে। খুব দ্রুত দলীয় নিদ্ধান্ত চূড়ান্ত হলে নতুন লোগো উন্মোচন করা হবে বলেও জানান তিনি।
তবে বর্তমান লোগোতে থাকা কোরআনের আয়াত ‘আকিমুদ দ্বীন’ থাকবে কি না, এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পবিত্র কোরআন আমাদের হৃদয়ে আছে, আমলে (কর্মে) আছে, আমাদের চরিত্রেও আছে। আমরা কোরআনেরই আন্দোলন করি। কোরআনের বিধানের জন্যই আমাদের সবকিছু। কোরআনের আয়াত আমরা কীভাবে ছাড়ব, কেন ছাড়ব।’
দলটির নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, আমাদের দলীয় আদর্শ, দেশ, জাতীয় পতাকা এবং লাল-সবুজ রং লোগোর নকশায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে। নতুন লোগোল আদলে দলীয় প্যাড এবং পতাকাও তৈরি হবে।
এর আগে, ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠকে নতুন একটি লোগো সামনে আসে। দুটি বৈঠকেই জামায়াতের পুরোনো লোগোর জায়গায় নতুন লোগো দেখা যায়।
সেখানে দেখা গেছে, আগের লোগোতে থাকা আরবিতে লেখা ‘আল্লাহু’ ও কোরআনের আয়াত ‘আকিমুদ দ্বীন’ নতুন লোগোতে নেই। আমূল বদলে যাওয়া লোগোটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তখনই আলোচনার সৃষ্টি হয়।
সেই লোগোতে সবুজ বইয়ের ওপর উদীয়মান সূর্য, তার ওপরে একটি কলম দেখা গেছে। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। বইয়ের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়ে থাকে।
এর নিচে সোনালি অক্ষরে বাংলা, আরবি ও ইংরেজিতে ছিল ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’। তখনই দলের লোগো থেকে ‘আল্লাহু’ ও ‘কোরআনের আয়াত’ বাদ দেওয়া হচ্ছে বলে জোড়ালো গুঞ্জন ওঠে। তবে সমালোচনার পর জামায়াত জানায়, লোগোটি চূড়ান্ত নয়।
দলীয় সূত্র ও উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ১৯৪১ সালের ২৬ আগস্ট ব্রিটিশ ভারতে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৪৭ সালের দেশ ভাগের পর পাকিস্তান ও ভারতে আলাদা শাখা গঠিত হয়। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭৯ সালের ২৭ মে নতুন করে আত্মপ্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বর্তমানে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছে জামায়াতে ইসলামী। সংসদে সংরক্ষিত নারী আসনের ৯ সদস্যসহ দলটির মোট ৭৭ জন সংসদ সদস্য রয়েছে