ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুদিনের কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে রাজপথে নিজেদের অবস্থান জানান দিতে বিক্ষোভ মিছিল ও মহড়া দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাঙ্গা পৌর এলাকার নতুন পৌর ভবন, বটতলা, দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড, আতাদি ফ্লাইওভার ও কলেজপাড় মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে মহড়া দেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দেখা যায়। আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগানও দেন তারা।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের মালিগ্রাম, পুলিয়া, পুখুরিয়া, মুনসুরাবাদ, সুয়াদী ও চুমুরদী এলাকায় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার ও সোমবার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে নিয়মিত টহল ও নজরদারি চালানো হচ্ছে।
অন্যদিকে, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্রের দাবি, রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মহড়া দেন।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপির নেতাকর্মীরা পুরো এলাকায় সতর্ক রয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারেন, সে জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, যেকোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। প্রশাসনের নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল সাংবাদিকদের বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের ইন্ধনে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। তবে তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। আগামী দুই দিন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন বলেও জানান তিনি।
রিপোর্টার্স২৪/রাফিদ