রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে স্নায়ুরোগের উন্নত চিকিৎসাসেবা সম্প্রসারণে ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, অর্থের পরিমাণ ও করণীয় নির্ধারণে চলতি সপ্তাহেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ অর্থবছরের মধ্যেই এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল ‘More Common Than You Think’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য স্নায়ুরোগের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত করতে ঢাকা ও চট্টগ্রামে দুটি বিশেষায়িত নিউরোসায়েন্স সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। চলতি সপ্তাহে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করে সেন্টার স্থাপনের জন্য কী ধরনের অবকাঠামো প্রয়োজন, কী কী পদক্ষেপ নিতে হবে এবং কত টাকা ব্যয় হবে, তা নির্ধারণ করা হবে। এরপর চলতি অর্থবছরের মধ্যেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় দেশের স্বাস্থ্য খাতের অন্যতম বড় সংকট হিসেবে চিকিৎসকের ঘাটতির বিষয়টি তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে। চলতি বছর এ সংকট আরও বাড়তে পারে। চিকিৎসক সংকট মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এর অংশ হিসেবে দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক সংকটের কারণে দেশের বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি স্বাস্থ্য খাতের সামগ্রিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় ওষুধের গুরুত্ব তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যানসার চিকিৎসায় অত্যাধুনিক এ যন্ত্রপাতি ব্যবহারের জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ জনবল নিয়োগ এবং নার্সদের প্রশিক্ষণের বিষয়েও কাজ করা হচ্ছে।
তিনি বলেন, শুধু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করলেই হবে না, সেগুলো পরিচালনার জন্য দক্ষ জনবলও নিশ্চিত করতে হবে। এ কারণে ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি নার্সদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
স্বাস্থ্য খাতের অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী আরও বলেন, আধুনিক ল্যাবরেটরি স্থাপন, নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া এবং বিদ্যমান চিকিৎসাসেবার মান উন্নত করা প্রয়োজন। একই সঙ্গে ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত অত্যন্ত ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। এ জন্য স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের জেলা হাসপাতালগুলোতে নিউরোসায়েন্স-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়াতে হবে। রাজধানী ও বড় শহরকেন্দ্রিক বিশেষায়িত চিকিৎসার ওপর নির্ভরতা কমিয়ে জেলা পর্যায়েও এসব সেবা চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, মুভমেন্ট ডিসঅর্ডারসহ বিভিন্ন ধরনের স্নায়ুরোগের চিকিৎসা জেলা পর্যায়েই চালু করা গেলে রোগীদের চিকিৎসার জন্য বারবার রাজধানীতে আসতে হবে না। এতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
ড. জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, বোটুলিনাম টক্সিন বা বোটক্স এবং মরফিনের মতো প্রয়োজনীয় ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়া দরকার। এসব ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করা গেলে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হবে।
এ ছাড়া হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কার, আধুনিকায়ন ও পুনর্নির্মাণ কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন তিনি। এ জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (এইচইডি) সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান। এ সময় আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম, ডা. মো. নুরুদ্দীনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা।
সংশ্লিষ্টদের বক্তব্যে স্নায়ুরোগের বিশেষায়িত চিকিৎসা জেলা পর্যায়ে সম্প্রসারণ, চিকিৎসক সংকট নিরসন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়। ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের স্নায়ুরোগ চিকিৎসার অবকাঠামো সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম