📍 রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক
নেপাল-চীন সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও ৩১ জন। নিখোঁজদের মধ্যে ২০ জন নেপালি ও ১১ জন চীনা নাগরিক বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তিব্বতে ভারী বর্ষণে হিমবাহ লেকে প্লাবন
দুই দেশের আবহাওয়া অফিস জানায়, নেপালের সীমান্ত এলাকায় ভারী বৃষ্টির ঘটনা না থাকলেও তিব্বতে প্রবল বর্ষণের কারণে হিমবাহ সৃষ্ট একটি হ্রদের পানি উপচে ভোতে কোশি নদীতে বন্যার সৃষ্টি হয়।
ধসে গেছে গুরুত্বপূর্ণ 'ফ্রেন্ডশিপ ব্রিজ'
সীমান্ত বাণিজ্যের অন্যতম পথ ছিল ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’। তীব্র স্রোতে সেতুটি ভেসে যায়, যা দুই দেশের মধ্যে চলাচল ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
কন্টেইনার ডিপো ভেসে গেছে, নিখোঁজ চীনা শ্রমিক
নেপাল অংশে ভোতে কোশি নদীর পাশে চীনের তৈরি একটি কন্টেইনার ডিপোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিপোর কয়েকটি কন্টেইনার ভেসে গেছে। নিখোঁজ চীনা নাগরিকদের মধ্যে ৬ জন ওই ডিপোতে কর্মরত ছিলেন।
উদ্ধার তৎপরতা চলছে
নেপালের সেনাবাহিনী, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত জানান, এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার এবং ৫৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রাসুয়া জেলার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা অর্জুন পাওদেল বলেন, “বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার ও তথ্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।”
📎 রিপোর্টার্স২৪/এস