স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা করে ফেরার পথে দফায় দফায় হামলার ঘটনায় সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটি ফেসবুক পেজের পোস্টে জানায়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।
এদিকে এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এরই মধ্যে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপির নেতারা।
এর আগে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি’র গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এদিন বিকাল ৩টার দিকে শহরের পৌর পার্কের কাছে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
এর আগে এদিন দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে এক সমাবেশ অনুষ্ঠিত হয়ে। সেখানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে ফিরছিলেন তারা। ফেরা পথে তাদের গাড়ি বহরে হামলা হয়।
রিপোর্টার্স২৪/আরএইচ