সিনিয়র রিপোর্টার : গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার রাত ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছিল স্থানীয় প্রশাসন। এর মেয়াদ শেষ হওয়ার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারফিউয়ের ওই সময়সীমা বর্ধিত করে। বৃহস্পতিবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।