সিনিয়র রিপোর্টার : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, শোষণতান্ত্রিক মৌলিক ব্যবস্থার পরিবর্তন না করে, আপনারা নির্বাচনের পথে হাঁটবেন না। নির্বাচন তখনই গ্রহণযোগ্য হবে, যখন সব রাজনৈতিক দল নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারবে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি ।
তিনি আরও বলেন, গত ১১ মাস ধরে স্থানীয় সরকারে কোনো প্রতিনিধি নেই। মানুষের চরম ভোগান্তি। তাই অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিন।
নুর বলেন, হাদিসে আছে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, আনন্দিত হয়। আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থানের অংশীদাররা উৎফুল্ল হয়ে জালিম হয়ে উঠছেন। তাই বলতে চাই, আল্লাহ পাক কিন্তু ছাড় দেবেন না।
জামায়াত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেহেতু ইসলামের রাজনীতি করেন, ইসলামের মূল্যবোধ নিয়ে কথা বলেন। আপনারা জানেন আল্লাহ মানুষকে ধন-সম্পদ দিয়ে এবং নিয়ে পরীক্ষা করেন। গত ১৬ বছর আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই তিনি আমাদের ‘রহমতের জুলাই’ উপহার দিয়েছেন। সেই জুলাইয়ে বাংলাদেশের জনগণ দৈত্য-দানবের মতো চেপে বসা ফ্যাসিবাদকে পরাজিত করেছে।
নুর আরও বলেন, আজ আমরা দেখতে পাচ্ছি একসময়ের মজলুম শক্তি, যারা অভ্যুত্থানের অংশ ছিল, তারা আজ অহংকারে ভর করে জালিমে পরিণত হচ্ছে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, যদি আমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাই, তাহলে শেখ হাসিনার মতো আমাদেরকেও আল্লাহ পাক ছাড় দেবেন না।
রিপোর্টার্স২৪ /এসএন