রিপোর্টার্স ডেস্ক: মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে এক প্রান্ত আগলে রেখে জাকের আলি অনিকের দায়িত্বশীল ইনিংসে শেষ পর্যন্ত ১৩৩ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় টাইগাররা।
মঙ্গলবার (২২ জুলাই) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন ওপেনার নাইম শেখ মাত্র ৩ রান করে। এরপর কিছুটা ধৈর্য দেখালেও বড় ইনিংস গড়তে ব্যর্থ হন অধিনায়ক লিটন দাস, ৯ বলে ৮ রানে বিদায় নেন তিনিও। একই ওভারে রানআউট হয়ে শূন্য রান করে সাঝঘরে ফিরেন তাওহিদ হৃদয়। ফলে ২৫ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
আশা জাগিয়েছিলেন আগের ম্যাচের সেরা পারফর্মার পারভেজ হোসেন ইমন। কিন্তু তিনিও বেশিদূর যেতে পারেননি। ষষ্ঠ ওভারে তুলে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ১৪ বলে ১৩ রানে বিদায় নেন এই তরুণ। ফলে পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ২৯ রান।
চরম বিপর্যয়ের মুখে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন শেখ মাহেদী হাসান ও জাকের আলি। দুজনের ব্যাটে ভর করে দল শতকের পথে এগিয়ে যেতে থাকে। মাহেদী খেলেন ২৫ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস। তাদের ৪৯ বলে ৫০ রানের জুটি বাংলাদেশকে লড়াইয়ে ফেরানোর ইঙ্গিত দেয়।
মাহেদীর বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শামীম পাটোয়ারী (১), তানজিম সাকিব (৭) ও রিশাদ হোসেন (৮) খুব একটা অবদান রাখতে পারেননি। তবে এক প্রান্ত আগলে রেখে দৃঢ়তায় ভর করে জাকের আলি অনিক তুলে নেন নিজের ফিফটি। ৪৬ বলে অর্ধশতকের দেখা পান তিনি। ইনিংসের শেষ বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরলেও ততক্ষণে দলের জন্য লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন তিনি।
তার ৪৮ বলে ৫৫ রানের ইনিংসে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।
পাকিস্তানের হয়ে সমান দুইটি করে উইকেট শিকার করেন সালমান মির্জা, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি। ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ পান একটি করে উইকেট।
রিপোর্টার্স২৪/আরএইচ