সিনিয়র রিপোর্টার : বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, দয়া করে দেশের এই বিপদের সময় স্যোশাল মিডিয়ায় বিভিন্ন গুজব ও মিস ইনফরমেশনে কান দেবেন না। একটি শক্তিশালী বিমানবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের স্তম্ভ দুর্বল করে দেবেন না। এই মর্মান্তিক দূর্ঘটনায় আপনাদের সবার মতো আমারও হৃদয় ভেঙেছে।
মঙ্গলবার (২২ জুলাই) কুর্মিটোলা বিমানঘাঁটিতে বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আপনারা জানেন, আমি একটি সরকারি জরুরি সফরে মাত্র বেরিয়েছিলাম। আমি ওই বিমানবন্দর থেকেই আজ সকালে আবার দেশে ফিরে এসেছি।
বিমান প্রধান বলেন, পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কি ঘটেছিল। কোনো ভুল ত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।
তিনি বলেন, গতকাল থেকেই দেশের এই বিপদের সময় আমাদের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনী, চিকিৎসকবৃন্দ, ফায়ারসার্ভিস, স্বেচ্ছাসেবী, বিভিন্ন সেবাদানকারী সংস্থা, সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ জনগণ কাঁধে কাধ মিলিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে।
এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, সরকারের পাশাপাশি বিমানবাহিনীও সবসময় হতাহতদের পাশে থাকবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা করণীয় সব ধরনের ব্যবস্থা করা হবে।