ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত শিশু আব্দুল্লাহ মল্লিক ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের বিলভড়া গ্রামের মাসুদ মল্লিকের ছেলে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু আব্দুল্লাহ আজ সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরে রাস্তা পারাপারের সময় কৃষ্ণপুর-সদরপুর গামী একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাকে চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা আব্দুল্লাহকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।
নিহতের পরিবার এ বিষয়ে থানায় মামলা করতে রাজি হয়নি। জেলা প্রশাসক বরাবর পরিবারের আবেদন অনুযায়ী লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলেও জানান ওসি।
রিপোর্টার্স২৪/আরএইচ