লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় মালবাহী ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে অটোরিকশায় থাকা রাকিব হোসেন (২৮) নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়ে তসলিম নামে একজন সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে সরকারি মহিলা কলেজের নতুন ক্যাম্পাসের অদূরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অদুমিয়ার ছেলে এবং আহত তসলিম ৪ নম্বর ওয়ার্ডের আতর আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জনকল্যাণ সড়ক থেকে মালবাহী একটি অটোরিকশা মজুচৌধুরীর হাট সড়কে উঠে। এ সময় বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা মজুচৌধুরীর হাটমুখী একটি পিকআপ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রী রাকিব ঘটনাস্থলেই মারা যায়।আহত হয় তসলিম নামে আরেকজন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে।