রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :
রাশিয়ায় ব্যাপক ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগর অঞ্চলে যে সুনামি পরিস্থিতি সৃষ্টি হয়েছে— তা আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাপান।
দেশটির আবহাওয়া দপ্তরের একজন মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন,
“সুনামির বিধ্বংসী ক্ষমতা নির্ভর করে ভূমিকম্পের মাত্রার ওপর। রাশিয়ায় যে মাত্রার ভূমিকম্প থেকে এই সুনামি এসেছে— আমরা আশঙ্কা করছি যে আগামী ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও সুনামি পরিস্থিতি থাকবে।”
বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণের মধ্যেই ৬ দশমিক ৯ মাত্রার আফটারশক অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই ৪ মিটার (১২ ফুট) উচ্চতার সুনামি ঢেউ জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোতে আঘাত হানে।
এখনও জাপানের উত্তর ও পূর্ব উপকূলসহ বিভিন্ন এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়ছে। তবে এসব ঢেউয়ের উচ্চতা ২–৩ ফুটের বেশি নয়।
জাপানের আবহাওয়া দপ্তরের ওই মুখপাত্র আরও বলেন,
“আমাদের চিন্তা হচ্ছে জোয়ারের সময় কী হবে— তা নিয়ে। সুনামি পরিস্থিতি অব্যাহত থাকলে স্বাভাবিকভাবেই ঢেউয়ের আকার, উচ্চতা এবং শক্তি অনেক বেশি থাকবে। আমরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”
সূত্র : সিএনএন
.
রিপোর্টার্স২৪/এস