ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি) স্কিমের আওতায় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় মেধাতালিকায় উল্লেখযোগ্য ফলাফল অর্জন করায় এই শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন, মাধবপুর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ নিত্যানন্দ হালদার, চানরা মাদ্রাসার সুপার মাওলানা ইব্রাহিম এবং মাওলানা ইদ্রিস আলী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল এবং সঞ্চালনায় ছিলেন একাডেমি সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
রিপোর্টার্স২৪/আরএইচ