রিপোর্টার্স২৪ ডেস্ক :
চলতি বছর বাংলাদেশ থেকে ১৫৮ জন শিক্ষার্থী Erasmus Mundus Joint Masters প্রোগ্রামে নির্বাচিত হয়েছেন, যা বিশ্বব্যাপী তৃতীয় সর্বোচ্চ অবস্থান। একে বাংলাদেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের অগ্রগতির এক মাইলফলক হিসেবে বিবিচনা করছেন সংস্লিষ্টরা। EMA Bangladesh আশা প্রকাশ করেছে, নতুন স্কলারদের ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষাজীবন ও সংস্কৃতির অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।
গত রবিবার (২৭ জুলাই ২০২৫) ইরাসমাস মুণ্ডুস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (EMA Bangladesh) সফলভাবে আয়োজন করে ‘ইরাসমাস মুণ্ডুস স্কলার্স প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন ২০২৫–২০২৭’ শীর্ষক একটি অনলাইন সেশন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই আয়োজনের সহ-আয়োজক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল। এই আয়োজনে অংশগ্রহণকারীরা ইউরোপে উচ্চশিক্ষার অভিজ্ঞতা, সংস্কৃতিগত অভিযাত্রা এবং প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেন।
ইরাসমাস মুণ্ডুস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি (EMJM) প্রোগ্রামটি ইউরোপীয় ইউনিয়নের একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক স্কলারশিপ, যা বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও ডিগ্রি অর্জনের সুযোগ করে দেয়। সম্পূর্ণ স্কলারশিপের আওতায় টিউশন ফি, যাতায়াত, বসবাস এবং অন্যান্য ব্যয়ভার বহন করা হয়।
প্রি-ডিপারচার সেশনে অংশ নেন নতুনভাবে নির্বাচিত ২০২৫–২০২৭ ব্যাচের স্কলাররা, EMA সদস্যবৃন্দ এবং শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC), ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ ও ইউরোপীয় কমিশনের প্রতিনিধিরা।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শারমিনা নাসরিন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, সদস্য, ইউজিসি, ড. মো. আশিকুর রহমান, রিজিওনাল ম্যানেজার – এশিয়া, Centralized Support for Erasmus+ National Focal Points , জেসমিন পারভীন, পরিচালক, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ, ইউজিসি ও ইরাসমাস+ ন্যাশনাল প্রকল্প পয়েন্ট, বাংলাদেশ, জুঁই চাকমা, প্রোগ্রাম ম্যানেজার, ইইউ বাংলাদেশ, সাইয়েদ মুহাম্মদ বাকের, মেম্বারস কো-অর্ডিনেটর, ইরাসমাস মুণ্ডুস অ্যাসোসিয়েশন।
সেশনটি পরিচালনা ও মডারেট করেন সাদাদ মাহমুদ, সৌভিক রায় স্নিগ্ধ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইরাসমাস মুণ্ডুস অ্যাসোসিয়েশন বাংলাদেশ