বেনাপোল প্রতিনিধি :
অস্ট্রেলিয়া নেওয়ার প্রলোভন দেখিয়ে ৩২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যশোরের ঝিকরগাছা থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ভুক্তভোগীরা হলেন বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের আলফাজ মিঠুন (২১) এবং ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের কুন্দিপুর গ্রামের তরিকুল ইসলাম (৩৪)।
অভিযোগে বলা হয়েছে, ঝিকরগাছার নন্দী ডুমুরিয়া গ্রামের লুৎফর রহমানের দুই ছেলে সোহাগ হোসেন (৪২) ও সাগর হোসেন (৩৫) এবং মোকছেদ দফাদারের ছেলে লুৎফর রহমান, এক বছর আগে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে নগদ ৩২ লাখ টাকা নেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে পাঠাননি এবং টাকা ফেরতও দেননি।
তরিকুল ইসলাম জানান, “টাকা ফেরতের জন্য চাপ দিলে তারা ব্যাংকের চেক দিয়েছে, কিন্তু একাউন্টে টাকা ছিল না। গত ১৪ জুলাই টাকা চাইতে গেলে স্পষ্ট জানিয়ে দেয়, টাকা দেবে না এবং নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আমাদের তাড়িয়ে দেয়।”
প্রধান অভিযুক্ত সোহাগ হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
ঝিকরগাছা থানার ওসি নুর মোহাম্মদ গাজী বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এস