স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস। রোববার (১১ মে) এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানান।
তারা বলেন, জুলাই-আগস্ট গণহত্যাসহ বিগত সাড়ে ১৫ বছর ধরে সংঘটিত বিভিন্ন গণহত্যা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে তৎকালীন ক্ষমতাসিন ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত সত্য। ক্ষমতা দীর্ঘায়িত করতে এই দলটি ভারতের সহযোগিতা নিয়ে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে সহিংস অবস্থান গ্রহণ করেছিল। দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অনেক নেতাকর্মী মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সরাসরি জড়িত। এসব অপরাধীর এখনও অনুতাপের লেশমাত্র নেই।
খেলাফত মজলিস ৫ আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই হত্যাকারীদের বিচারের স্বার্থে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম বন্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে আসছে উল্লেখ করে তারা বলেন, গতরাতে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে অন্তবর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়। এই আন্দোলনে খেলাফত মজলিসসহ দেশপ্রেমিক রাজনৈতিক দল ও তৌহীদি জনতা সক্রিয় অংশগ্রহণ করেছে। আমরা সরকারকে অবিলম্বে দল হিসেবে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল এবং তাদের অপরাধী নেতাকর্মীদের বিচার কার্যক্রম শুরু করার দাবি জানাচ্ছি।
রিপোর্টার্স২৪/আরএইচ