রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। একই সঙ্গে মনোনয়নপত্র বিতরণের সময় আরো এক দিন বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাকসু নির্বাচন কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল ছাত্রদল।
এদিকে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা আরো এক দিন বাড়ানো হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিতরণ চলে বিকেল ৫টা পর্যন্ত।
এ ছাড়া হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমও আজ শেষ হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা।
রিপোর্টার্স২৪/এসএন