| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘জাকসু নির্বাচন’ ব্যালট বাক্স বহনকালে নির্বাচন কর্মকর্তাদের পাশে দুই ছাত্রদল নেতা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ২১:৩০:৪৭:অপরাহ্ন  |  ১৩৬৫১০৭ বার পঠিত
‘জাকসু নির্বাচন’ ব্যালট বাক্স বহনকালে নির্বাচন কর্মকর্তাদের পাশে দুই ছাত্রদল নেতা
ছবির ক্যাপশন: ‘জাকসু নির্বাচন’ ব্যালট বাক্স বহনকালে নির্বাচন কর্মকর্তাদের পাশে দুই ছাত্রদল নেতা

রিপোর্টার্স২৪ ডেস্ক  :  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে ক্যাম্পাসে প্রবেশ করেন ছাত্রদলের দুই নেতা। জাকসু নির্বাচনের ব্যালট বাক্স পরিবহনের সময় ওই দুই নেতা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি হেঁটে যাচ্ছিলে। এসময় তাদের ছবি তোলায় এক সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করে দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের সিনেট ভবনের নির্বাচন কমিশন কার্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত দুই ছাত্রদল নেতা হলেন- জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন। ভুক্তভোগী সাংবাদিক ওসমান সরদার দৈনিক যায়যায়দিনের জাবি প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী জানান, রাতে তথ্য সংগ্রহে ওই সাংবাদিক নির্বাচন কমিশন কার্যালয়ে যান। এ সময় তিনি দেখতে পান ব্যালট বাক্স নিয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে কর্মকর্তারা বের হচ্ছেন। তাদের পাশাপাশি হেঁটে যাচ্ছেন ছাত্রদলের ওই দুই নেতাসহ আরও কয়েকজন। এ দৃশ্য মুঠোফোনে ধারণ করেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ওই সাংবাদিক। এই ঘটনা নজরে এলে ছাত্রদল নেতা মশিউর রহমান রোজেন ওই সাংবাদিকের মুঠোফোন কেড়ে নিয়ে ভিডিওটি ডিলিট করেন। পরে সাংবাদিক পরিচয় দিলে এমন ভিডিও ধারণ করতে নিষেধ করেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিক ওসমান সরদার বলেন, আমি ব্যালট বাক্স নিয়ে যাওয়ার ভিডিও করছিলাম। পেছনে ছাত্রদলের বাবর ভাই ও রোজেন ছিলেন। পরে রোজেন আমার কাছ থেকে ফোন নিয়ে আমার ফোন থেকে ভিডিও ডিলিট করে দেন।

এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে ফোন করা হলে তিনি এমন ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। আমি তো ওইখানেই ছিলাম। ভিডিও ডিলিট করেনি। এরপরও বিষয়টি তদন্ত করে দেখবো।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

গত ৯ সেপ্টেম্বর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়, ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবাসিক হল ও ক্যাম্পাসে সাবেক শিক্ষার্থী, অতিথিসহ যে কোনো ধরনের বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবেন না।

জাবি ছাত্রদল আহ্বান জহির উদ্দিন মুহাম্মদ বাবর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম আবর্তনের (২০০৯-১০) রসায়ন বিভাগের শিক্ষার্থী ও যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান রোজেন ৪০তম আবর্তনের (২০১০-১১) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তারা দুজনেই ক্যাম্পাসের প্রাক্তন শিক্ষার্থী। জাবি প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, তারা দুজনই নির্বাচন চলাকালীন ক্যাম্পাসে অবস্থান করতে পারবেন না।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪