জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনকে জকসুর নীতিমালা চূড়ান্ত করণের জন্য সাত দিনের আল্টিমেটাম দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
১৫ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘আগামী ১ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনের সময়সীমা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বিশেষ বৃত্তির জন্য আবেদন গ্রহণ এবং নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে বৃত্তি পৌঁছে দিতে হবে।’
তিনি বলেন, ‘আজ রাতে আমরা আমাদের কর্মসূচি বিস্তারিত জানাবো। আমরা দুই দিন-তিন দিন করে কর্মসূচি দিবো এবং প্রশাসনকে দাবি মানতে বাধ্য করবো। আমরা প্রথমে হার্ড কর্মসূচি দিবোনা, যদি দেখি প্রশাসন আমাদের দাবি মানছে না তাহলে আরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিবো।’
রিয়াজুল আরো বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আইনকর্মকর্তাকে দিয়ে শিক্ষার্থীদের সাথে লিঁয়াজু করে জকসুর নীতিমালা চূড়ান্ত করতে হবে অন্যথায় এক সপ্তাহ পরে আমরা কঠিন কর্মসূচিতে যাবো।
রিপোর্টার্স২৪/ধ্রুব