রিপোর্টার্স২৪ ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী হয়েও বাংলাদেশের দর্শকের কাছে বলিউডের নায়িকাদের চেয়ে কোন অংশ কম জনপ্রিয় নন হানিয়া আমির। এই আকাশচুম্বি জনপ্রিয়তার জন্যই এবার তাকে আনা হচ্ছে ঢাকায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, একটি প্রসাধনী কোম্পানির আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসবেন এই জনপ্রিয় তারকা। কবে আসবেন, তা শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশি দর্শকদের মধ্যেও আলাদা পরিচিতি রয়েছে হানিয়ার। ঢাকায় তার কয়েক দিন থাকার কথা রয়েছে।
২০১৬ সালে জনান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে মেরে হামসাফার, ফেইরি টেল, দিলরুবা, আনা, কাভি মে কাভি তুম-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।
সরদারজি ৩ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার। ছবিটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে জীবনঘনিষ্ট- সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে পাকিস্তানে ওই ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সেই সূত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে আসছেন তিনি।
রিপোর্টার্স২৪/ঝুম