| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাবিতে ৩টি নতুন হল নির্মাণে অর্থায়নের প্রতিশ্রুতি চীনের, এ বছরই শুরু একটির কাজ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ২০:০১:৫৩:অপরাহ্ন  |  ১২৯২০৩৫ বার পঠিত
ঢাবিতে ৩টি নতুন হল নির্মাণে অর্থায়নের প্রতিশ্রুতি চীনের, এ বছরই শুরু একটির কাজ
ছবির ক্যাপশন: ঢাবিতে ৩টি নতুন হল নির্মাণে অর্থায়নের প্রতিশ্রুতি চীনের, এ বছরই শুরু একটির কাজ

রিপোর্টার্স২৪ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য চীন-বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণকাজ এ বছরের মধ্যেই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে দ্বিতীয় ধাপে আরও দুটি হল নির্মাণে সহযোগিতা করার কথা জানান রাষ্ট্রদূত।

সোমবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খানসহ অন্যরা।

ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর কোষাধ্যক্ষ এবং ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এইচ এম মোশারফ হোসেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধিসহ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত তুলে ধরেন ডাকসুর সম্পাদকরা।

দুই পক্ষের মধ্যে আলোচনায় প্রস্তাবিত পাঁচ হাজার ছাত্রীর আবাসন সুবিধা সংবলিত চীন-বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণকাজ এ বছরের মধ্যেই শুরু হবে বলে আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত।

এছাড়া ডাকসুর নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও দুটি হল নির্মাণের প্রস্তাব দেন। রাষ্ট্রদূত সেটি বাস্তবায়নে দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন।

একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মতবিনিময় শেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক দেওয়া হয় এবং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরও শুভেচ্ছা স্মারক উপহার দেন চীনের রাষ্ট্রদূত।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪