জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে তিন দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন।
সরজমিনে দেখা যায়, কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। এছাড়া এদিন দুই শতাধিক শিক্ষার্থীকে সেবা, ঔষধ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা।
স্বাস্থ্যসেবার বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক রূপন্তী রত্না বলেন, ‘প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। আগামী বুধবার স্কিন বিভাগ এবং বৃহস্পতিবার মেডিসিন বিভাগে সেবা দেওয়া হবে। আশাকরি ছাত্রী বোনদের জন্য আগামীতে ছাত্রদলের এমন মহৎ উদ্যোগ চলমান থাকবে।’
এ বিষয়ে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এখানে শিক্ষার্থীরা যে পরিমাণ মৌলিক স্বাস্থ্যসেবা পাওয়ার কথা, তা পাচ্ছেন না। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা নেই। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।’
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘আমরা এমন কাজ করতে চাই যা শুধু শিক্ষার্থীদের উপকারেই আসবে না বরং এর থেকে সকলে দীর্ঘস্থায়ী লাভবানও হতে পারব।এরই প্রেক্ষিতে আমরা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছি,যার একটি অংশ এই স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি। তবে আমাদের কাজ এখানেই শেষ হবেনা।সামনে আরও চমকপ্রদ শিক্ষার্থী বান্ধব কর্মসূচি আসছে।’
এসময় অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমি, মো. শাহরিয়ার হোসেন, কাজী রফিক, রবিউল আওয়াল, ইয়াকুব শেখ অনিক, নজরুল ইসলাম মামুন, শাখাওয়াত ইসলাম পরাগ, রাশেদুল ইসলাম রাহাত, মিয়া রাসেল, আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩দিন ব্যাপী স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আগামীকাল স্কিন স্বাস্থ্যসেবা কর্মসূচি প্রদান করা হবে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা