রিপোর্টার্স২৪ ডেস্ক : আগেই জানা গিয়েছিল ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় যুক্ত হয়েছেন বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়। মুম্বাই ফিল্ম সিটিতে শুটিং চলছিল আমির খানের। সেই শুটিং সেটে হাজির হন শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ। সঙ্গে ছিলেন তার প্রযোজক ও টিমের সদস্যরা।
এ সময় বলিউড তারকা আমির খানের সঙ্গে কথাও হয়েছে বাংলাদেশের এই পরিচালকের। আবু হায়াতের ফেসবুকে পোস্টেও অনেকে জানতে চেয়েছেন কেন আমির খানের শুটিং সেটে তিনি। এ নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে।
আবু হায়াত মাহমুদ জানালেন, আমির খানের শুটিং ক্যামেরার মনিটরের সামনেই ছিলেন তিনি। তবে শুটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন না। মূলত অমিত রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এই অমিত চিত্রগ্রাহক। তিনি ছিলেন আমির খানের বিজ্ঞাপনচিত্রের চিত্রগ্রাহক। তিনি এবার আবু হায়াতের সিনেমার চিত্রগ্রাহকের কাজ করবেন।
আবু হায়াত বলেন, ‘আমাদের বেশ আগেই চিত্রগ্রাহকের সঙ্গে মিটিং ছিল। সেভাবেই আমরা মুম্বাইতে গিয়েছিলাম। আমাদের অমিত রায়ের সঙ্গে মিটিংও হয়। গল্প, চিত্রনাট্য, এক্সিকিউশনসহ নানা বিষয় নিয়ে কথা হয়েছে। দুই দিন মিটিংয়ের এক দিন তিনি জানান শুটিং সেটে যেতে। আগেই জানিয়েছিলেন আমির খানের শুটিং। পরে আমরা আমাদের মতো শুটিংয়ের ফাঁকে মিটিং করেছি।’
এ সময়ে অমিত রায় তাদের আমির খানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ‘আমাদের কুশল বিনিময়, আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করি—এগুলো নিয়ে কথা হয়েছে। আমরা সিনেমা করতে যাচ্ছি। আমির খান এসব কথা শুনলেন। শুভকামনা জানালেন। এর বাইরে আমাদের খুব বেশি কথাও হয়নি। তিনি এই শুটিংয়ের জন্য সময় দিয়েছিলেন মাত্র ৭ ঘণ্টা। এই সময়ে রিহার্সাল, আবার শুটিং। যে কারণে রিহার্সালের সময় আমরা চিত্রগ্রাহকের সঙ্গে আমাদের প্রোজেক্ট নিয়ে কথা বলেছি। সিনেমাটির শুটিং নিয়ে কী পরিকল্পনা করছি, সেগুলো নিয়েই কথা হয়েছে।’
অমিত রায় এর আগে ভারতের ‘সরকার’, ‘অ্যানিমেল’, ‘ডানকি’, ‘ধোকা’, ‘ফিদা’সহ একাধিক সিনেমার চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন। তিনি এবার যুক্ত হয়েছেন বাংলাদেশের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায়। আইএমডিবিতেও সেই তথ্য সংযুক্ত রয়েছে।
রিপোর্টার্স২৪/আরকে