চবি প্রতিনিধি: আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। ইতোমধ্যেই নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার-প্রচারণা। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে ছাত্রী সংস্থা কর্তৃক নির্বাচনি আচরণ বিধিমালা ভঙ্গ ও হল প্রভোস্ট কর্তৃক শপথ ভঙ্গের অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। (২অক্টোবর) বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক প্রধান নির্বাচন কমিশনারের নিকট এ অভিযোগ প্রদান করা হয়। ৩০শে সেপ্টেম্বর মঙ্গলবার শামসুন্নাহার হলে ছাত্রী সংস্থা কর্তৃক ঝুড়ি এবং ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়েছে, যা স্পষ্ট নির্বাচনি বিধিমালা লঙ্ঘন বলে অভিযোগ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
এ নিয়ে নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমরা অভিযোগটা নিয়ে নির্বাচনি আচরণ বিধির প্রধান ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ স্যারকে জানিয়েছি। উনি এই ব্যাপারে সমাধান দেবেন। আর হল প্রভোস্ট এই বিষয়ে পূর্ব থেকে অবগত থাকলে নির্বাচন কমিশন প্রভোস্টকে সচেতন করবেন।"
এ বিষয়ে শামসুন্নাহার হলের প্রভোস্ট ড. বেগম ইসমত আরা হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, "প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক আমাকে জানানো হলে আমরা হল কর্তৃপক্ষ হলে গিয়েছিলাম। নির্বাচন কমিশনের মতামত অনুসারে আমি ছাত্রী সংস্থাকে একটি শোকজ নোটিশ দিয়েছি এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটির যথাযথ ব্যাখ্যা প্রদান করার জন্য বলেছি। সন্ধ্যার সময় আমি হলে গিয়েছি এবং ছাত্রী সংস্থার মেয়েদের হাতে এটি হস্তান্তর করেছি।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল নোমান বিশ্ববিদ্যালয় ছাত্রদলের হয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ লিখিত অভিযোগ প্রদান করেন। অভিযোগে তিনি অভিযুক্ত ছাত্রী সংস্থা ও নির্বাচন কমিশনের সদস্য ও হল প্রভোস্টের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা