| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইলিয়াস কাঞ্চনের সুস্থতায় এফডিসিতে বিশেষ দোয়া-মাহফিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ১৬:০৩:৩১:অপরাহ্ন  |  ১৪৭৩৯৫৫ বার পঠিত
ইলিয়াস কাঞ্চনের সুস্থতায় এফডিসিতে বিশেষ দোয়া-মাহফিল

রিপোর্টার্স২৪ ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ও সমাজসেবক ইলিয়াস কাঞ্চন গুরুতর অসুস্থ। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। সাত মাস ধরে অসুস্থ। ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন সহশিল্পীরা। তাইতো ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে সহশিল্পীরা সবাই এক সুরে প্রার্থনা করছেন তাঁর দ্রুত সুস্থতার জন্য। 

এরই অংশ হিসেবে রোববার ৫ অক্টোবর বিকেলে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে এক বিশেষ দোয়া–মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে আয়োজিত এই দোয়ায় শিল্পীরা হাত তুলে প্রার্থনা করেন, প্রিয় সহকর্মী ইলিয়াস কাঞ্চন আবারও যেন সুস্থ হয়ে তাঁদের মধ্যে ফিরে আসেন। 

সভায় মিশা সওদাগর বলেন, ‘ইলিয়াস কাঞ্চন শুধু আমাদের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নন, তিনি সচেতন নাগরিক, সমাজকর্মী এবং আমাদের সবার প্রেরণা। তাঁর অসুস্থতার খবর শুনে আমরা ভীষণভাবে ব্যথিত। আজ আমরা সবাই মিলে দোয়া করেছি—আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন। তিনি সুস্থ–স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আবার কাজ শুরু করবেন।’

মিশা আরও জানান, প্রায় ১০ দিন আগে অভিনেত্রী রোজিনার কাছ থেকে প্রথম কাঞ্চনের অসুস্থতার খবর পান তিনি। তখন পরিবারের অনুরোধে বিষয়টি প্রকাশ করেননি, তবে অন্তর থেকে তাঁর জন্য দোয়া করেছেন। পরে কাঞ্চনের পরিবার আনুষ্ঠানিকভাবে চিকিৎসার খবর জানালে সমিতির পক্ষ থেকে দোয়া–মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। দোয়া–মাহফিলে উপস্থিত শিল্পীরাও আবেগাপ্লুত হয়ে কাঞ্চনের দীর্ঘায়ু কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রোজিনা, জয় চৌধুরী, ডি এ তায়েবসহ আরও অনেকে।

বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার হয়, টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়। পুরো টিউমার অপসারণ করা সম্ভব হয়নি ঝুঁকির কারণে। এখন তিনি রেডিয়েশন ও কেমোথেরাপি—‘টার্গেট থেরাপি’ নিচ্ছেন। সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ এই চিকিৎসা চলবে। এরপর চার সপ্তাহ তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

ইলিয়াস কাঞ্চনের ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইনও দেশবাসীর কাছে তাঁর বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা বিশ্বাস করছেন, এই লড়াই জিতে অভিনেতা আবারও ফিরবেন সবার মধ্যে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪