| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ থেকে ক্লাসে ফিরেছেন জগন্নাথের শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭১৩১৮০ বার পঠিত
আজ থেকে ক্লাসে ফিরেছেন জগন্নাথের শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: আজ থেকে ক্লাসে ফিরেছেন জগন্নাথের শিক্ষার্থীরা

জবি প্রতিনিধি : 

তিন দফা দাবিতে চলমান আন্দোলন শেষে আজ থেকে ক্লাসে ফিরছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তিনদিনের অচলাবস্থার পর আজ (রবিবার) থেকে পূর্ণদ্যোমে শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। ইউজিসি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় গতকাল রাতেই শিক্ষক-শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা সংলগ্ন কাকরাইল মসজিদের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। 

বিশ্ববিদ্যালয়ের চলমান ক্লাস, সেমিষ্টার ফাইনাল, মিডটার্মসহ প্রশাসনিক কাজ রবিবার থেকে আবারও চালু থাকবে। বেশকিছু বিভাগের পরীক্ষার তারিখ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পিছানো হয়েছে। তবে ক্লাস নিয়মিত চালু থাকবে। 

আন্দোলন শেষে আজকেও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা গিয়েছে। গতকাল শনিবার বিকেলে ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের মাঠে শিক্ষক শিক্ষার্থীদের সমারোহ দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ প্রশাসনের অনেকের উপস্থিত হতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বর, শহীদ মিনার, বিজ্ঞান অনুষদের মাঠে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার সাথে সাথে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যাও বাড়ে।

আবাসনভাতা, প্রস্তাবিত বাজেট অনুমোদনসহ তিন দফাদাবিতে বুধবার 'লং মার্চ টু যমুনা' কর্মসূচি দিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়েন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩৬ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের অধিকাংশই প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। ফলে হামলাকারী পুলিশদের বিচারের দাবিসহ বুধবার থেকে কাকরাইল মসজিদের সামনে অবস্থান গ্রহন করেন শিক্ষক-শিক্ষার্থী। তিনদিন অবস্থানের পর ইউজিসির চেয়ারম্যান দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে, অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয় এবং বিশ্ববিদ্যালয় শাটডাউন তুলে নিয়ে পুনরায় কার্যক্রম শুরুর ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদদীন । 

আন্দোলন শেষে ক্লাসে ফিরতে পেরে স্বস্তিতে শিক্ষার্থীরাও। দাবি মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার হওয়ায় স্বস্তি জানিয়ে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নীলাঞ্জনা হালদার প্রথম আলোকে বলেন, তিনদিনের আন্দোলনে অনেক ক্লান্ত সবাই৷ তবে আশার বাণী হচ্ছে ইউজিসি আমাদের দাবী মেনে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাটডাউন তুলে নেওয়া হয়েছে, আমাদের ক্লাস-পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমরা আবার পড়াশুনায় মনোযোগী হবো। রাস্তা থেকে আমরা এখন বাসায় এসেছি, মনে কিছুটা স্বস্তিও কাজ করছে। তবে শংকাও আছে কিছুটা, যদি আগের মত আমাদের দাবি বাস্তবায়িত না হয় তবে আমাদের আবারো আন্দোলনে নামতে হবে। নিজেদের পড়াশোনা ছেড়ে আমরা বার বার আন্দোলনে নামতে চাইনা। আশা করি আমাদের দাবিগুলো দ্রুতই বাস্তবায়িত হবে।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বলেন, একজন শিক্ষার্থী হিসেবে আমাদের মূল কাজ পড়াশোনা করা। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার হয়ে আসছি, সেজন্য আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছিলাম। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই, আর আন্দোলনে নামতে চাইনা। সরকারকে আমাদের মেনে নেওয়া দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করার জন্য জোর দাবী জানাচ্ছি।


.

রিপোর্টার্স২৪/এস




ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪