জবি প্রতিনিধিঃ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং মানবিক সহায়তা নিয়ে ফিলিস্তিনের গাজাগামী সুমুদ ফ্লোটিলার বহর থেকে ফটো-সাংবাদিক শহিদুল আলমকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
বুধবার (৮ই অক্টোবর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এলাকা, কাঠাঁলতলা, মুক্তমঞ্চ, বিজ্ঞান চত্ত্বর-সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে অবস্থিত বাহাদুর শাহ পার্ক সংলগ্ন 'বিশ্বজিৎ চত্ত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা,'মুক্তি মুক্তি চাই, শহিদুল আলমের মুক্তি চাই', 'ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রী', 'ফিলিস্তিনে মানুষ মরে, জাতিসংঘ কি করে?', 'স্বপ্ন দেখি প্রতিদিন, স্বাধীন হবে ফিলিস্তিন', 'শহিদুল আলম গ্রেপ্তার কেন?, জাতিসংঘ জবাব চাই', 'ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ কর করতে হবে'-সহ বিভিন্ন স্লোগান দেয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ‘আপনারা সকলে অবগত আছেন ইসরায়েলের বর্বর বাহিনী আমাদের ফিলিস্তিনের মানুষদের ওপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সুমুদ ফ্লোটিলায় অর্ধশত বোট নিয়ে মানবাধিকার কর্মীরা সেখানে গমন করেছেন। সেই বোটের ওপর ইসরায়েলি-বাহিনী বর্বর হামলা করেছে, তাদেরকে আটক করা হয়েছে। শহিদুল আলম নিজে বলেছেন, তাকে অপহরণ করা হয়েছে। আমরা আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা আটক সকল মানবাধিকার কর্মীর অবিলম্বে মুক্তি চাই।’
গণতান্ত্রিক ছাত্রসংসদ জবি শাখার আহবায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘ফিলিস্তিনে গত কয়েক দশক ধরে বর্বর গণহত্যা চালাচ্ছে ইসরায়েলী বাহিনী। গণহত্যা চালিয়েও তারা ক্ষান্ত হয়নি, তারা গাজায় সকল ধরনের খাবার-ঔষধ বন্ধ করে দিয়েছে। ফিলিস্তিনের এই অবরোধ ভাঙতে সারা পৃথিবীর মানবাধিকার কর্মীরা সুমুদ ফ্লোটিলায় অর্ধশত বোট নিয়ে রওনা হয়েছিল। একেক করে সবাইকে আটক করা হয়েছে। সর্বশেষ বাংলাদেশে প্রখ্যাত ফটোসাংবাদিক শহিদুল আলমকেও গ্রেপ্তার করায় আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাই। শহিদুল আলমকে মুক্ত করতে ইন্টেরিম সরকারের যা যা করার—করতে হবে। ফিলিস্তিনের শিশু-নারী-বৃদ্ধদের কয়েক দশক ধরে যেই হত্যাকাণ্ড চালিয়েছে তার প্রত্যেকটির বিচার করতে হবে, ফিলিস্তিন স্বাধীন করতে হবে।
বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীভ বলেন, ‘আমরা জোর দাবি জানাচ্ছি, ফিলিস্তিনে আজকে যে শিশু হত্যা চলছে, নারী হত্যা চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই গণহত্যার মদদদাতা মার্কিনী সাম্রাজ্যবাদীদের জবাবদিহিতার আওতায় আনার জন্য জাতিসংঘকে আহবান জানাচ্ছি। একইসাথে গাজাগামী সুমুদ ফ্লোটিলায় শহিদুল আলমের এই যাত্রা সারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে। আমরা জানলাম তাকে অপহরণ করা হয়েছে। এর মাধ্যমে আমাদের পুরো জাতিকে অপমান করা হয়েছে। শহিদুল আলমকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানাই।’
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা