জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা ইসলাম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। সানজিদা ইসলাম ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
আজ বুধবার (৮ অক্টোবর ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, তিনদিন আগে থেকে জ্বরে ভুগছিলেন তিনি। গতকাল মহাখালীর এক হাসপাতালে টেস্ট করালে ডেঙ্গু পজিটিভ আসে তার। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢামেকে স্থানান্তরিত করা হয়। এরপর আইসিইউতে নেওয়ার ২০-২৫ মিনিট পর তার মৃত্যু হয়।
এবিষয়ে তার স্বামী তাজ বলেন,‘দীর্ঘদিন সানজিদার জ্বর আসতো, যেতো। একই সাথে বিগত কয়েকমাস যাবত ওর রক্তের ইনফেকশনের চিকিৎসা চলছিল। আজ হঠাৎই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গতকাল থেকে আজ তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ৩-৪টা হাসপাতাল পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ ঢামেকে আইসিইউতে নেওয়ার পর ডেঙ্গু পজিটিভ আসে। এরই মধ্যে সানজিদা আমাদের ছেড়ে চলে যায়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে ইতিহাস বিভাগের শিক্ষার্থী সানজিদার মৃত্যু খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসেছি। এখানে বিশ্ববিদ্যালয়ে তার সহপাঠীরা একসাথে হয়েছে। মেয়েটির গিঁটে ব্যথা ছিল। তাই ডেঙ্গু আক্রান্ত হওয়া বুঝতে পারেনি। ততক্ষণে চিকিৎসার বিলম্ব হয়ে পড়ে। অন্তিম ইচ্ছা অনুযায়ী দাফন কাফনের জন্য লাশ তার স্বামীর বাড়ি মেহেরপুরে নিয়ে যাচ্ছে। আমরা শোকাহত।’
তার শেষ ইচ্ছা অনুযায়ী, স্বামীর বাড়ি মেহেরপুরে তাকে দাফন করা হবে।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা