| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাণ্ডব’র পর সাবিলা নূর: জিম, ঘোরাঘুরি আর নতুন প্রস্তুতি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৭:৩০:১৬:পূর্বাহ্ন  |  ১৪২৩৭১৯ বার পঠিত
তাণ্ডব’র পর সাবিলা নূর: জিম, ঘোরাঘুরি আর নতুন প্রস্তুতি
ছবির ক্যাপশন: তাণ্ডব’র পর সাবিলা নূর: জিম, ঘোরাঘুরি আর নতুন প্রস্তুতি

রিপোর্টার্স২৪ ডেস্ক : গেল ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘তাণ্ডব’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। নাটক থেকে সিনেমায় পা রাখা তার কাছে ছিল এক ধরনের অগ্নিপরীক্ষা, যা তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন বলেই মন্তব্য করছেন দর্শক ও সমালোচকরা।

দেশের শীর্ষনায়কের বিপরীতে নিজের আত্মপ্রকাশের মুহূর্তটি দারুণভাবে উপভোগ করেছেন সাবিলা। ফলে ‘চিত্রনায়িকা’ হিসেবে তার শুরুটা সুখকর এবং আলোচিত ছিল বলেই মন্তব্য অনুরাগীদের।

তবে ‘তাণ্ডব’-এর পর হঠাৎ করেই যেন আড়ালে চলে গেছেন এই অভিনেত্রী। না নাটকে, না সিনেমায়— কোথাও দেখা মিলছে না তার। কৌতূহলী দর্শকরা তাই প্রশ্ন তুলেছেন, সাবিলা এখন কী করছেন? নাটক নাকি সিনেমা? এমন সময়ে অভিনেত্রী তাসনিয়া ফারিণ আর তাকে দেখা গেল একসঙ্গে একটি পারিফিউম ব্যান্ডের শো রুম উদ্বোধন আয়োজনে। সেখানে নানা বিষয়ে কথা বললেন সাবিলা। 

এদিকে সম্প্রতি খবর এসেছে, সিয়াম আহমেদের বিপরীতে ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সাবিলা নূর। কিন্তু সে বিষয়ে মুখ খুললেন না তিনি; বরং একগাল হেসে বললেন, আমার কাছে কোনো খবর নেই। কিছু হলে আপনাদেরই সবার আগে জানানো হবে। কথায় কথায় বুঝা গেল, বেশ খোশ মেজাজেই আছেন সাবিলা। জানালেন, এখন নিয়মিত জিম করছি, খাচ্ছি-দাচ্ছি, ঘুরছি। নিজের মতো সময় কাটাচ্ছি আর নিজেকে প্রস্তুত করছি।

অভিনেত্রীর এই ‘প্রস্তুতি’ হয়তো কোনো নতুন সিনেমার জন্যই যার ঘোষণা আসবে সঠিক সময়েই। এর আগে এক সাক্ষাৎকারে সাবিলা বলেছিলেন, সব জেনেশুনেই তিনি সিনেমায় পা রেখেছেন। তার ভাষায়, তাণ্ডব দিয়ে কেবল শুরুটা হয়েছে, এখানেই থামতে চাই না। নিজের পারফরম্যান্স দেখানোর জন্য একজন শিল্পীর কাছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সিনেমা।

তবে ছোট পর্দা থেকে একেবারে সরে যাচ্ছেন এমনটা নয়। সাবিলার ভাষায়, আমি নাটকে এখন বেছে বেছে কাজ করছি। তাণ্ডব একটা মানদণ্ড তৈরি করেছে। তাই এরপর যাই করি, সেটা অন্তত তাণ্ডব-এর সমমানের বা তার চেয়েও ভালো হতে হবে।

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু সাবিলার। ২০১৪ সালে নাটক ‘ইউটার্ন’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। এরপর একে একে ‘মাঙ্কি বিজনেস’, ‘কল্পনার ঘর’, ‘কেমিস্ট্রি’, ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘রনু ভাই’, ‘জোনাকির আলো’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি গ্রামীণফোন, নেসক্যাফে, প্রাণ ফিটের মতো জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গেছে তাঁকে।

‘তাণ্ডব’ যেন সাবিলা নূরের অভিনয়জীবনের এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। এখন সময় শুধু অপেক্ষার— তিনি কবে, কোনো নতুন চরিত্রে, কোনো গল্পে, আবার দর্শকের সামনে হাজির হন বড় পর্দায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪