| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমফিল সংযুক্তকরণসহ চার দফা দাবিতে জবি শিক্ষার্থীদের স্মারকলিপি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১১:৪৭:৫২:পূর্বাহ্ন  |  ১৬৬৩১১৯ বার পঠিত
এমফিল সংযুক্তকরণসহ চার দফা দাবিতে জবি শিক্ষার্থীদের স্মারকলিপি

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসন সংক্রান্তসহ চার দফা দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে শিক্ষার্থীদের একটা প্রতিনিধি দল উপাচার্য বরাবর এই স্মারকলিপি প্রদান করে। এরপর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার দপ্তরে স্মারকলিপি দেয় তারা।

স্মারকলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে কিছু জরুরি একাডেমিক ও অবকাঠামোগত সমস্যার সম্মুখীন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণের স্বার্থে নিম্নলিখিত চারটি দাবির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানাচ্ছি—

১.জকসুতে এমফিলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের যুক্তকরণে নিশ্চয়তা প্রদান করে বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এমফিলে ভর্তি হওয়ার জন্য সময় বাড়াতে হবে এবং এমফিলে ভর্তির সিজিপিএ শিথিল করতে হবে।

২. বিশেষ বৃত্তি শিক্ষার্থীদেরকে জকসু নির্বাচনের আগে প্রদান করতে হবে। 

৩. আবাসনখাতে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আগামী ০৬ মাসের মধ্যে বাণী ভবন ও আব্দুর রহমান হলের কাজ সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে জানাতে হবে।

৪.  চলতি বছরের মধ্যে ২য় সমাবর্তন আয়োজনের রোডম্যাপ প্রকাশ করতে হবে।

স্মারকলিপিতে আরো বলা হয়, এমফিল প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামোর অংশ। তাদেরকে জকসুর আওতায় আনলে বিশ্ববিদ্যালয়ের নীতি, শিক্ষা ও প্রশাসনিক বিষয়ে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে, এমফিল প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়ার সময়সীমা সীমিত হওয়ায় অনেক যোগ্য প্রার্থী সুযোগ হারাচ্ছেন। তাই বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তির সময় বৃদ্ধি করার অনুরোধ জানানো হচ্ছে।

অর্থনৈতিকভাবে অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহায়তা হিসেবে বিশেষ বৃত্তি প্রদান অপরিহার্য। এই বৃত্তি প্রদান শিক্ষার্থীদের পড়াশোনার অনুপ্রেরণা বৃদ্ধি করবে এবং জকসু নির্বাচনের আগে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক পরিবেশ তৈরি করবে। তাই জকসু নির্বাচনের পূর্বেই বিশেষ বৃত্তি বিতরণের ব্যবস্থা করার অনুরোধ করছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসন সংকটে ভুগছে। বাণী ভবন ও আব্দুর রহমান হলের নির্মাণকাজ দ্রুত শেষ করা অত্যন্ত জরুরি। আগামী ছয় মাসের মধ্যে উক্ত ভবন ও হলের কাজ সম্পন্ন করার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ ও প্রকাশ করার জন্য আবেদন জানাচ্ছি। 

প্রসঙ্গত, স্মারকলিপি প্রদান করা বাংলা বিভাগের ২০১৪-১৫  শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এইচ মুন্না বলেন,  সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের বাস্তবতায় উৎসব মুখর পরিবেশে জকসু আয়োজনে জবির স্বার্থে কাজ করতে আগ্রহী  শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা উচিত। পাশাপাশি আমাদের দেওয়া বাকি ৩ দফা দাবি নিয়ে প্রশাসনের স্পষ্ট বক্তব্য জরুরি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪