| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষক নিয়োগে নিয়মের শিথিলতা চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ১১:৫৭:১১:পূর্বাহ্ন  |  ১৬৬৩০৯২ বার পঠিত
শিক্ষক নিয়োগে নিয়মের শিথিলতা চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগের জন্য নিয়মের শিথিলতা চেয়ে জবি প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদলের একাংশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বরাবর এই স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ ৩.৮৫ নির্ধারণ করা হয়েছে, যা অনেক যোগ্য ও গবেষণামুখী প্রার্থীর জন্য আবেদন করার সুযোগ সীমিত করছে।

বাংলাদেশের অন্যান্য শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয়ে (যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) শিক্ষক নিয়োগে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ থেকে ৩.৭৫ পর্যন্ত প্রযোজ্য রয়েছে। সেই তুলনায় ৩.৮৫ মানদণ্ডটি তুলনামূলকভাবে বেশি কঠোর এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের বহু মেধাবী শিক্ষার্থীকে নিয়োগ প্রক্রিয়ার বাইরে রাখছে।

স্মারকলিপিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের সাথে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকে শিক্ষক নিয়োগে বিশেষ অগ্রাধিকার প্রদান করার অনুরোধ করেন তারা। এর মাধ্যমে :

১)বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেধাবী জনশক্তি ধরে রাখা সম্ভব হবে।

২) বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষিত থাকবে,

৩)প্রতিষ্ঠানটি আরও আত্মনির্ভর ও গুণগত মানসম্পন্ন হয়ে উঠবে  বলে দাবি করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এই বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাদমান সাম্য বলেন, আমরা বিগত দিনে দেখেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসনে খুবই কম সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদে মোট শিক্ষকের মধ্যে মাত্র নয়জন আমাদের নিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। আমরা মনে করি, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কোনোভাবেই ইতিবাচক দৃষ্টান্ত নয়। নিজের বিশ্ববিদ্যালয়ের যোগ্য প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে সুযোগ দেওয়া হলে, তারা এই প্রতিষ্ঠানের সংস্কৃতি, ঐতিহ্য ও শিক্ষার্থীদের চাহিদা আরও ভালোভাবে বুঝতে পারবে।

তিনি আরো বলেন, এই বাস্তবতা বিবেচনা করে আজ আমরা, বিবিএ অনুষদের কিছু শিক্ষার্থী, মাননীয় উপাচার্য স্যারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছি। স্মারকলিপিতে আমরা অনুরোধ করেছি—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হোক।

আমরা আশা করি, প্রশাসন এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের নিজের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে গর্বের সঙ্গে অবদান রাখতে পারবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪