চবি প্রতিনিধি: বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)র কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
৩৫ বছর পর আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ফিরেছে ভোটের উত্তাপ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ, আর প্রশাসন নিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে ওএমআর ব্যালট পদ্ধতিতে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, প্রতিটি ব্যালটে থাকবে ২৪ অঙ্কের নিরাপত্তা কোড ও একটি গোপন কোড, যা মেশিনে শনাক্তযোগ্য।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। প্রতিটি ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। ভোটাররা পছন্দের প্রার্থীর নামের পাশে বৃত্ত পূরণ করে ভোট দেবেন। একাধিক বৃত্ত পূরণ করলে সেই ভোট বাতিল হবে।
নির্বাচনে অংশ নিচ্ছে মোট ১৩টি প্যানেল। এর মধ্যে রয়েছে- ছাত্রদল, ছাত্রশিবির, স্বতন্ত্র, বাম, বৈচিত্র্য ঐক্য, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন, এবং সুফীপন্থী শিক্ষার্থীদের ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’।
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মহসিন বলেন, দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা আশা করি, এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত হবে এবং আমাদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো নিরসনে ছাত্র সংসদ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব