রিপোর্টার্স২৪ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয় পরাজয় যাই হোক সেই ফল ‘মেনে নিয়ে’ সবাই মিলে প্রত্যাশিত ক্যাম্পাস গড়ে তোলার প্রতিজ্ঞা করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতি শিক্ষার্থী জোটের’ জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে প্রকৌশল অনুষদ ভবনে ভোট দান শেষে তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩৬ বছর পর তাদের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন পেতে যাচ্ছে। আজকে যদি সফলভাবে এ নির্বাচন হয়, তাহলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্লাটফর্ম চাকসু তা সচল হবে।
‘চাকসু সচল হওয়ার পর ১২ মাসে ৩৩টি কাজ করার ইশতিহার আমরা দিয়েছি। যেখানে ৯টি বিষয়কে আমরা ফোকাসে রেখেছি। আমরা যদি নির্বাচিত হই তাহলে নিজেদের সর্বোচ্চ আন্তরিকতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে সেই ৩৩টি কাজ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র বাংলাদেশে না আন্তর্জাতিকভাবে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই।’
জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব বলেন, যারাই জয়ী হোক, আর যারাই পরাজিত হবে সবাইকে একসঙ্গে মিলে স্বপ্নের প্রত্যাশিত ক্যাম্পাস গড়ে তুলতে একসঙ্গে কাজ করব ইনশাল্লাহ।
রিপোর্টার্স২৪/আরকে