জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলে ওয়াশিং মেশিন এবং পানির ফিল্টার স্থাপন করেছে শাখা ছাত্রশিবির। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় নিরাপদ পানি পান প্রকল্পের অংশ হিসেবে ছাত্রী হলে এসব সরঞ্জাম দেওয়া হয়।
নারী শিক্ষার্থীরা গরম-ঠাণ্ডা পানির ফিল্টার এবং ওয়াশিং মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
সমাজবিজ্ঞান ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী ফারজানা হক লুবনা বলেন, ‘আমাদের হলে নিরাপদ পানির ফিল্টারের স্বল্পতা ছিল পাশাপাশি কাপড় ধোয়া নিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হত, ছাত্রশিবিরের এই উদ্যোগের ফলে আমাদের সমস্যাগুলো কিছুটা হলেও লাঘব হবে।’
নৃবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী তিশা পারভীন বলেন, ‘ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কাজ করছে। এটা ভালো দিক। নারী শিক্ষার্থীদের জন্য কিছুটা উপকারে আসবে। ছাত্রী হলে নানা সংকট আছে। এগুলোর সমাধান জরুরি। ছাত্রশিবির এগিয়ে আসায় ধন্যবাদ।’
শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘ছাত্রী হলের বোনদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা একটি অত্যাধুনিক ওয়াশিং মেশিন এবং একটি ঠাণ্ডা ও গরম পানির ফিল্টার স্থাপন করছি। আমরা শিক্ষার্থীদের সংকটগুলো শুনতে চাই। সমাধানে পাশে থাকতে চাই।’
জবি শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, ‘ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। আমাদের চলমান ‘নিরাপদ পানি পান প্রকল্প’ কর্মসূচির অংশ হিসেবে আজ ছাত্রী হলে পানির ফিল্টার ও ওয়াশিং মেশিন স্থাপন করা হয়েছে।’
জবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ বলেন, ‘ফিল্টার দেওয়ার বিষয়টি আমাদের নিরাপদ পানি পান প্রকল্পের ধারাবাহিক কার্যক্রম। ছাত্রীহল থেকে বোনদের অনেকেই ভেন্ডিং মেশিন ও ওয়াশিং মেশিনের জন্য বলেছেন। তাদের আবেদনের ভিত্তিতে আমরা একটি ওয়াশিং মেশিন দিয়েছি। ভেন্ডিং মেশিন ছাত্রদলের পক্ষ থেকে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তাই আমরা সেটি বাদ দিয়েছি।’
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট ড. আঞ্জুমান আরা বলেন, ‘আমাদের হলে এগুলো বিশেষ প্রয়োজন ছিল। ধন্যবাদ ছাত্রশিবিরকে ওয়াশিং মেশিন এবং ফিল্টার স্থাপন করার জন্য।’
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির জবি শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহীম খলিল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ শাখা ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/আয়েশা