রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রেক্ষাগৃহে দর্শকদের মন ছুঁয়ে এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। রোববার (১৯ অক্টোবর) থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।
প্ল্যাটফর্মটি ইতোমধ্যেই সিনেমাটির প্রায় দুই মিনিটের ট্রেলার প্রকাশ করেছে। ট্রেলারে তুলে ধরা হয়েছে। মাটির গন্ধ, মনের টান, আর যন্ত্রণায় বোনা এক নারীর গল্প। দর্শকদের উদ্দেশে আইস্ক্রিন জানিয়েছে, মাটির মানুষ আর মনের গল্পে বোনা এক নকশী কাঁথার স্পর্শ পেতে সিনেমাটি দেখুন।
আকরাম খান পরিচালিত এই সিনেমাটি নির্মিত হয়েছে কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে। এতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন এক গ্রামীণ নারীর সংগ্রাম ও যন্ত্রণার কাহিনি ফুটে উঠেছে।
চলচ্চিত্রটিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি। পাশাপাশি দুই ভাইয়ের চরিত্রে রয়েছেন ইরেশ যাকের ও রওনক হাসান। এছাড়াও গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
রিপোর্টার্স২৪/ঝুম