রিপোর্টার্স২৪ ডেস্ক : দেব-শুভশ্রী অভিনীত ছবি ‘ধূমকেতু’ মুক্তির পর দেবের এক বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে অভিনেত্রী শুভশ্রী স্পষ্ট করেছেন, দেব ভুল বলেছে।
প্রায় এক দশক পর মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘ধূমকেতু’ ছবির প্রচারের সময় দেব এবং শুভশ্রী এক মঞ্চে এসেছিলেন। কিন্তু সিনেমা মুক্তির পর দেব মন্তব্য করেন, দুই সন্তানের মা শুভশ্রীর মুখে আর আগের মতো ইনোসেন্স নেই। এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি করে এবং শুভশ্রীর মনঃক্ষুণ্ণ হওয়ার কারণ হয়।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, আমি জীবনে যা করেছি সততার সঙ্গে করেছি। ‘ধূমকেতু’ প্রচারে হ্যাঁ বলার সময়ও আমি সৎভাবেই বলেছি। তিনি আরও জানান, তাদের জুটি বাঁচিয়ে রেখেছে শুধু দর্শকের ভালোবাসা, কোনও প্রমোশনাল প্রচেষ্টা নয়।
শুভশ্রী বলেন, আমরা যে চরিত্রগুলো করছি, তা না থাকলেও আমাদের কথাগুলো মানুষের মনে থেকে যাবে। আমি কীভাবে পুরুষকে ট্রিট করছি বা একজন পুরুষ আমাকে কীভাবে ট্রিট করছে, সব তা থেকে যাবে। দেবের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, হয়ত ও না বুঝেই বলেছে, তবে এটি অনেক মানুষকে কষ্ট দিতে পারে। তাই বলি, সে ভুল বলেছে।
শুভশ্রী আরও উল্লেখ করেন, পুরুষ মানেই বিশাল জায়গায় থাকে, মেয়েরা চুপ করে থাকবে না—এই কারণেই আমি প্রয়োজনে স্পষ্টভাবে কথা বলি। ‘ধূমকেতু’র পর এই বিতর্ক হওয়া প্রয়োজন ছিল না।
রিপোর্টার্স২৪/ঝুম