রিপোর্টার্স২৪ ডেস্ক: কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের সপ্তম গান ‘ক্যাফে’প্রকাশিত হয়েছে। গানটি বাংলা ও লাতিন জ্যাজের মিশ্রণে তৈরি হয়েছে।
ক্যাফে—যেখানে সময় যেন থমকে যায়, কণ্ঠস্বর নেমে আসে, আর প্রতিটি টেবিল নিজস্ব গল্প বলে। কেউ হয়তো প্রথম দেখা স্মরণ করছে, কেউ শেষ বিদায়ের মুহূর্তে দাঁড়িয়ে, কেউ আবার নীরবভাবে বোঝার চেষ্টা করছে, নীরবতার গভীরতা কী। মানুষ আসে, যায়, তবু কিছু যেন চিরকাল থেকে যায়—ছেঁড়া পাতার স্মৃতির মতো, কফির কাপে হেসে ওঠা এক মুহূর্তের ঝলকানির মতো। ‘ক্যাফে’ সেই নিঃশব্দ মুহূর্তের মধ্য দিয়ে জন্ম নিয়েছে—এমনটাই বলেছেন এর শিল্পীরা।
তানজির তুহিনের কণ্ঠে শুভেন্দু দাস শুভ এর সুর করেছেন। গাবু ও লিভিয়ার অ্যাকর্ডিয়নের মেলোডি গানটিকে অন্য মাত্রা দিয়েছে।
গানটিতে দেখা গেছে এক অনন্য সাংস্কৃতিক মিশ্রণ—এফ্রো-কিউবান জ্যাজের তেজ, লাতিন সালসার উষ্ণতা এবং বাংলার পঙক্তির কোমলতা। আভাস ব্যান্ডের তানজির চৌধুরী তুহিন, ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস এবং গৌরব চ্যাটার্জি গানটিতে অংশ নিয়েছেন।
রিপোর্টার্স২৪/সোহাগ