রিপোর্টার্স২৪ ডেস্ক : চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামি সামিরা হক আজ (মঙ্গলবার) হাইকোর্টে আগাম জামিন চাইবেন। তার জামিন শুনানি নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে সকালে হাইকোর্টে আসেন তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদ।
মঙ্গলবার সকাল ৯টার দিকে আপিল বিভাগের সামনে বসে থাকতে দেখা যায় ইশতিয়াক আহমেদকে। এসময় তিনি বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে জামিন শুনানি প্রসঙ্গে আলোচনা করেন।
এর আগে সোমবার (২৭ অক্টোবর) সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।
গত ২০ অক্টোবর গভীর রাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে—সালমান শাহর স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন, এবং বিএফডিসির তিন কর্মী ডেভিড, জাভেদ ও ফারুককে। এছাড়া ফরিদপুরের রেজভী আহমেদ ওরফে ফরহাদ, রুবী, আ. ছাত্তার ও সাজুকেও আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর আদালতে শুনানির সময় প্রথমবারের মতো উপস্থিত হয়েছিলেন সামিরা হক। এর এক সপ্তাহ পর আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় হত্যা মামলাটি করা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তবে আজ তার বর্তমান স্বামী হাইকোর্টে এসে জামিন প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন আইনজীবীদের সঙ্গে।
রিপোর্টার্স২৪/ঝুম